তিরমিযী শরীফ - হাদীস নং ৩,৩০৩
হাসান ইবন মুহাম্মদ যা’ফরানী (রহঃ) ..... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেঃ (ما قَطَعْتُمْ مِنْ لِينَةٍ أَوْ تَرَكْتُمُوهَا قَائِمَةً عَلَى أُصُولِهَا) - তোমরা যে খেজুর বাগান গুলো কেটে ফেলেছ এবং যে গুলো কান্ডের উপর স্থির রেখে দিয়েছ (সূরা হাশর ৫৯ঃ ৫) আল্লাহর এ বাণী সম্পর্কে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ (لِينَةٍ) অর্থ খেজুর গাছ। তা এ জন্য যে, আল্লাহ পাপাচারীদেও লাঞ্ছিত করবেন। (সূরা হাশর ৫৯ঃ ৫) ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেনঃ তাদের (বনু নাযীর গোত্রের ইয়াহুদীদের) কেল্লা থেকে নেমে আসতে এবং আত্মসমর্পন করতে নির্দেশ দেওয়া হয়। এতদুদ্দেশ্যে তাদের খেজুর গাছ গুলো কেটে ফেলতেও সাহাবীদের নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিয়ে তাদের মাঝে কিছু দ্বিধা সন্দেহের উদ্রেক হয়। সাহাবীগণের কেউ কেউ বললেনঃ আমরাতো কিছু খেজুর গাছ কেটে ফেলেছি আর কিছু রেখে দিয়েছি। এই বিষয়ে অবশ্যই রাসসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে প্রশ্ন করব যে আমরা যেগুলো কেটেছি তাতে কি কোন ছাওয়াব পাব আর যেগুলো ছেড়ে রেখে দিয়েছি সেগুলোর জন্য কি আমাদেও কোন গুনাহ হবে? এতদপ্রসঙ্গে আল্লাহ তা’য়ালা নাযিল করলেনঃ ما قَطَعْتُمْ مِنْ لِينَةٍ أَوْ تَرَكْتُمُوهَا قَائِمَةً عَلَى أُصُولِهَا হাদীসটি হাসান-গারীব। কোন কোন রাবী এ হাদীসটি হাফস ইবন গিয়াছ ... হাবীব ইবন আবু আমরা ... সাঈদ ইবন জুবায়র (রহঃ) সূত্রে মুরসাল রূপে বর্ণনা করেছেন। এতে ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর উল্লেখ নেই। আবুদুল্লাহ ইবন আবদির রহমান (রহঃ) ... সাঈদ ইবন জুবায়র (রহঃ) সূত্রে মুরসাল রূপে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেন। ইমাম আবু ঈসা তিরমিযী (রহঃ) বলেন মুহাম্মদ ইবন ইসমাঈল বুখারী (রহঃ) এই হাদীসটি আমার নিকট থেকে শুনেছেন।