তিরমিযী শরীফ - হাদীস নং ৫০২
আহমদ ইবনুল হাসান (রহঃ) কে বলতে শুনেছিঃ আমরা একদিন ইমাম আহমদ ইবনু হাম্বল (রহঃ)-এর নিকটে ছিলাম। উপস্থিত লোকজন জুমুআহ কার উপর ওয়াজিব এই সম্পর্কে আলোচনা তোলেন। কিন্তু ইমাম আহমদ এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বরাতে কিছু উল্লেখ করলেন না। আমি তখন বললামঃ এই বিষয়ে তো আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদীস বর্ণিত আছে। ইমাম আহমদ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে? আমি বললামঃ হ্যাঁ। (আহমদ ইবনুল হুসায়ন বলেন) হাজ্জাজ ইবনু নুসায়র (রহঃ) আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি (জুমুআর সালাত (নামায/নামাজ) শেষে) তার পরিবারে এসে রাত্রি যাপন করতে পারবে, তার উপর জুমুআহ জুরুরী। এই রিওয়ায়াত শুনে ইমাম আহমদ (রহঃ) আমার উপর রাগান্বিত হয়ে উঠলেন। বললেনঃ ইস্তিগফার কর, ইস্তিগফার কর।