তিরমিযী শরীফ - হাদীস নং ৫৭৯
তিনি বলেনঃ আমাকে ইবনু জুরায়জ বললেন, হে হাসান, আমাকে উবায়দুল্লাহ ইবনু আবী ইয়াযীদ (রহঃ) ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন। একবার জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেনঃ হে আল্লাহর রাসূল। আমি রাতে স্বপ্নে দেখলাম, আমি যেন একটা গাছের পিছনে সালাত (নামায/নামাজ) আদায় করছি। অনন্তর যখন সিজদা (তিলাওয়াত) করলাম, তখন গাছটিও আমার সিজদার সাথে সিজদা করল। আমি এটিকে সিজদায় বলতে শুনলামঃ اللَّهُمَّ اكْتُبْ لِي بِهَا عِنْدَكَ أَجْرًا وَضَعْ عَنِّي بِهَا وِزْرًا وَاجْعَلْهَا لِي عِنْدَكَ ذُخْرًا وَتَقَبَّلْهَا مِنِّي كَمَا تَقَبَّلْتَهَا مِنْ عَبْدِكَ دَاوُدَ ’’হে আল্লাহ! এর মাধ্যমে আপনার নিকট আমার জন্য সওয়াব লিখে নিন। এর মাধ্যমে আমার পাপ দূরীভূত করুন, এটিকে আমার সঞ্চয় বলে গ্রহণ করুন এবং আমার থেকে এটিকে এভাবে কবূল করুন যেভাবে আপনি আপনার বান্দা দাউদ (আলাইহিস সালাম) থেকে কবূল করেছিলেন।’’ হাসান বলেন যে, আমাকে ইবনু জুরায়জ বললেনঃ আমাকে তোমার পিতামহ বলেছেন যে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার আয়াতে তিলাওয়াত করলেন, পরে সিজদা দিলেন। তিনি আরো বলেনঃ স্বপ্নে বৃক্ষটির দু’আ সম্পর্কে ঐ ব্যক্তি যা বলেছিলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ও সিজদায় উক্তরূপ পাঠ করতে শুনেছি।