আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৩৬৭
তিনি বলেনঃ আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ) তাঁর নিকট বর্ণনা করেন যে, এক রাতে তিনি তাঁর খালা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের স্ত্রী মায়মূনা (রাঃ) এর গৃহে আবস্থান করেন। তিনি বলেনঃ আমি বালিশের পাশে মাথা রেখে শয়ন করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ও তাঁর পত্নি বালিশের লম্বা ভাগের উপর মাথা রেখে শয়ন করেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম নিদ্রাভিভূত হয়ে পড়েন। তিনি রাতের অর্ধেক বা এর চাইতে একটু কম বা বেশী সময়ের পর জাগ্রত হয়ে হাতের সাহায্যে তাঁর চক্ষু রগড়াতে থাকেন এবং সূরা আলে ইমরানের শেষ দশ আয়াত তিলাওয়াত করেন। অতঃপর আমিও উঠে তাঁর মত উযু করে তাঁর পাশে গিয়ে দাঁড়াই। এ সময় তিনি তাঁর ডান হাত দ্বারা আমার কান স্পর্শ করেন। অতঃপর তিনি দুই রাকাত, পরে দুই রাকাত, আরো পরে দুই রাকাত, পুনঃ দুই রাকাত, আবার দুই রাকাত এবং সবশেষে আরো দুই রাকাত নামায আদায় করেন। রাবী আল-কানবী বলেনঃ এরূপ তিনি ছয় বার নামায আদায় করেন। অতঃপর তিনি শেষ রাকাতের সাথে এক রাকাত মিলিয়ে বিতির আদায় করে শুয়ে পড়েন। অবশেষে মুআযযিন এসে তাঁকে নামাযের খবর দিলে তিনি হালকাভাবে দুই রাকাত নামায (ফজরের সুন্নাত) আদায় করে গৃহ হতে বের হয়ে ফজরের ফরয নামায (মসজিদে) জামাআতের সাথে আদায় করেন। ।