আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৫৫৫
তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে আবু উমামা (রাঃ) নামক জনৈক আনসার সাহাবীকে দেখতে পান। তিনি তাঁকে (আনসারীকে) জিজ্ঞাসা করেনঃ হে আবু উমামা! আমি তোমাকে নামাযের সময় ব্যতীত মসজিদে উপবিষ্ট কেন দেখেছি? তিনি বলেন, সীমাহীন দুশ্চিন্তা ও ঋণভার জর্জরিত হাওয়ার কারণে, ইয়া রাসূলাল্লাহ্! (আমি এই অসময়ে মসজিদে উপনীত হয়ে তা থেকে আল্লাহর নিকট মুক্তি কামনা করছি)। তিনি বলেনঃ আমি কি তোমাকে এমন বাক্য শিক্ষা দিব না তুমি তা উচ্চারণ করলে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূরীভূত করবেন এবং তোমার কর্জ পরিশোধের ব্যবস্থা করবেন। এতদ্শ্রবণে আমি বলিঃ হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ্। তিনি বলেনঃ তুমি সকাল ও সন্ধায় এরূপে বলবেঃ 'আল্লাহুম্মা ইন্নী আ’উযুবিকা মিনাল্ হাম্মে ওয়াল্ হুয্নে, ওয়া আ’উযু বিকা মিন্ গালাবাতিদ্-দায়নে ওয়া কাহ্রির রিজাল।' (অর্থাৎ, ইয়া আল্লাহ! আমি তোমার নিকট যাবতীয় চিন্তা-ভাবনা হতে আশ্রয় প্রার্থনা করছি, আমি তোমার নিকট দুর্বলতা ও অলসতা হতে আশ্রয় কামনা করছি, তোমার নিকট কাপুরুষতা ও কৃপণতা হতে নাজাত কামানা করছি এবং আমি তোমার নিকট ঋণভার ও মানুষের দুষ্ট প্রভাব হতে পরিত্রাণ চাচ্ছি।' আবু উমামা বলেন, অতঃপর ঐরূপ আমল করি, যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা আমার চিন্তা-ভাবনা বিদূরিত করেন এবং ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন।