আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৫৭০
তিনি বলেন এটা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের যাকাতের নির্দেশনামা যা তিনি যাকাত সম্পর্কে লিখেছিলেন এবং পরবর্তীকালে এই নির্দেশনামা ইব্নুল খাত্তাব (রাঃ) এর বংশধরগণের নিকট সংরক্ষিত ছিল। রাবী ইব্ন শিহাব বলেনঃ সালেম ইব্ন আব্দুল্লাহ ইব্ন উমর (রহঃ) আমার নিকট তা পাঠ করেন এবং আমি তৎক্ষণাৎ তা হুবহু মুখস্থ করি। এটা ঐ নির্দেশনামা যা উমর ইব্ন আব্দুল আযীয (রহঃ) আব্দুল্লাহ ইব্ন আব্দুল্লাহ্ ইব্ন উমার এবং সালেম ইব্ন আব্দুল্লাহ ইব্ন উমার এর নিকট হতে কপি করিয়ে নিয়েছিলেন। অতঃপর রাবী পূর্বোক্ত হাদীসের বর্ণনা প্রসঙ্গে বলেন, যখন উটের সংখ্যা একশত একুশ হতে একশত উনত্রিশটি হবে তখন এর যাকাত বাবত দুই বছর বয়সের তিনটি মাদি উট দিতে হবে। অতঃপর উটের সংখ্যা একশত ত্রিশ হতে একশত উনচল্লিশের মধ্যে হলে এর জন্য দুইটি দুই বছর বয়সের মাদী উট এবং তিন বছর বয়সের একটি মাদি উট প্রদান করতে হবে। উটের সংখ্যা একশত চল্লিশ হতে একশত উনপঞ্চাশ হলে এর জন্য তিন বছর বয়সের দুটি ও দুই বছর বয়সের একটি মাদী উট দিতে হবে। উটের সংখ্যা একশত পঞ্চশ হতে একশত উনষাট হলে এর জন্য তিন বছর বয়সের তিনটি মাদী উট দিতে হবে। অতঃপর উটের সংখ্যা একশত ষাট হতে একশত উনসত্তর হলে এর জন্য দুই বছর বয়সের চারটি মাদী উট প্রদান করতে হবে। উটের সংখ্যা একশত সত্তর হতে একশত উনআশী হলে এর জন্য দুই বছর বয়সের তিনটি ও তিন বছর বয়সের একটি মাদী উট দিতে হবে। উটের সংখ্যা একশত আশি হতে একশত উনানব্বই হলে এর জন্য তিন বছর বয়সের দুইটি এবং দুই বছর বয়সের দুইটি উট প্রদান করতে হবে। উটের সংখ্যা একশত নব্বই হতে একশত নিরানব্বই হলে এর জন্য তিন বছর বয়সের তিনটি এবং দুই বছর বয়সের একটি উট দিতে হবে। অতঃপর উটের সংখ্যা দুইশত হলে এর জন্য তিন বছর বয়সের চারটি অথবা দুই বছর বয়সের পাঁচটি মাদী উট দিতে হবে এবং এই দুইটির মধ্যে যেটি সহজলভ্য হবে তাই নেওয়া হবে। বক্রীর যাকাত সম্পর্কে রাবী সুফিয়ান ইব্ন হুসায়নের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এখানে আরো উল্লেখ আছেঃ বৃদ্ধা এবং ত্রুটিপূর্ণ বক্রী যাকাত হিসাবে গ্রহণযোগ্য নয় এবং নর ছাগলও যাকাত হিসাবে দেওয়া যাবে না, তবে যাকাত আদায়কারি যদি তা গ্রহণ করতে সম্মত হয় তবে কোন আপত্তি নাই।