আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৯১৯
তিনি বলেন, আমাকে কুরায়ব বলেছেন যে, একদা তিনি উসামা ইবন যায়িদ (রাঃ)-কে জিজ্ঞাসা করেনঃ আমাকে বলুন, আপনারা সেই সন্ধ্যায় কিরূপ করেছিলেন, যেদিন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পশ্চাতে একই বাহনে সাওয়ার ছিলেন? তখন জবাবে তিনি বলেন, আমরা সেই ঘাঁটিতে (স্থানে) গমন করি, যেখানে লোকেরা শেষ রাত্রিতে তাদের উট হতে আরামের উদ্দেশ্যে অবতরণ করতো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে স্থানে তাঁর উষ্ট্র বসিয়ে পেশাব করেন। আর (উসামা এ স্থানে) পানি প্রবাহের কথা বলেননি। অতঃপর তিনি ওযূর জন্য পানি চান এবং এমনভাবে ওযূ করেন, যা অসম্পূর্ণ ছিল। তখন আমি বলি হে আল্লাহ্র রাসুল! নামাযের সময় উপস্থিত (কাজেই আমরা কি নামায আদায় করব?) তখন জবাবে তিনি বলেন, নামায তোমার সম্মুখে, (অর্থাৎ আজকের দিনের নামায মুযদালিফায় গিয়ে আদায়ের নির্দেশ)। রাবী বলেন, অতঃপর তিনি তাঁর বাহনে সাওয়ার হন এবং মুযদালিফায় গিয়ে হাযির হন। অতঃপর তিনি সেখানে মাগরিবের নামায আদায় করেন। এ সময় লোকেরা তাদের উটগুলো স্ব-স্ব স্থানে বসায়, কিন্তু তাদের পৃষ্ঠ হতে মালপত্র নামাবার পূর্বেই এশার নামায আদায় করেন। অতঃপর লোকেরা স্ব-স্ব মালপত্র নামায়। রাবী মুহাম্মদ বর্ণিত হাদীসে অতিরিক্ত বর্ণনা করেছেন যে, আমি বলি, ঐসময় আপনারা কিরূপ করেছেন যখন আপনারা সকাল বেলায় উপনীত হন? (অর্থাৎ আপনারা মিনার দিকে রওয়ানা হন।)। তখন জবাবে তিনি বলেন, এ সময় তাঁর সাওয়ারীর পশ্চাতে ফযল সাওয়ার ছিলেন এবং আমি কুরায়শদের সাথে পদব্রজে মিনার দিকে রওনা হই।