আবু দাউদ শরীফ - হাদীস নং ১৯৮
আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে যাতুর-রিকা নামক যুদ্ধে গমন করি। মুসলিম বাহিনীর এক ব্যাক্তি মুশরিকদের এক ব্যাক্তির স্ত্রীকে বন্দী অথবা হত্যা করে। তখন সে ব্যক্তি এরূপ শপথ করে যে, আমি ততক্ষণ ক্ষান্ত হব না, যতক্ষণ না মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কোন একজন সাহাবীর রক্ত প্রবাহিত করি। তখন সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করতে লাগল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে বিশ্রামের জন্য এক স্থানে অবতরণ করেন এবং বলেনঃ কে আছ যে আমাদের পাহারা দিবে? তখন মুহাজিরদের মধ্য হতে একজন এবং আনসারদের মধ্য হতে একজন সাড়া দেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা দুইজন গিরিপথের চূড়ায় বসে পাহারা দিবে। অতঃপর উক্ত ব্যাক্তিদ্বয় সেখানে উপস্থিত হওয়ার পর মুহাজির সাহাবী বিশ্রামের জন্য শুইয়ে পড়েন এবং আনসার সাহাবী নামাযে রত হন। তখন শত্রু পক্ষের ঐ ব্যক্তি (স্ত্রী লোকটির স্বামী) সেখানে আগমন করে এবং মুসলিম বাহিনীর একজন গোয়েন্দা মনে করে তার প্রতি তীর নিক্ষেপ করে এবং তা আনসার সাহাবীর শরীরে বিদ্ধ হয়। তিনি তা দেহ থেকে বের করে ফেলেন। মুশরিক ব্যক্তি এভাবে পরপর তিনটি তীর নিক্ষেপ করে। অতঃপর তিনি রুকু সিজদা করে (নামায শেষ করার পর) তাঁর সাথীকে জাগ্রত করেন। অতঃপর সে ব্যক্তি সেখানে অনেক লোক আছে এবং তারা সতর্ক হয়ে গেছে মনে করে পালিয়ে যায়। পরে মুহাজির সাহাবী আনসার সাহাবীর রক্তাক্ত অবস্থা দেখে আশ্চর্যান্বিত হয়ে বলেন, সুবহানাল্লাহ! শত্রু পক্ষের প্রথম তীর নিক্ষেপের সময় কেন আপনি আমাকে সতর্ক করেননি? জবাবে তিনি বলেন, আমি নামাযের মধ্যে এমন একটি সূরা পাঠ করছিলাম যা শেষ না করে পরিত্যাগ করা পচ্ছন্দ করিনি।