আবু দাউদ শরীফ - হাদীস নং ২,১১২
তিনি বলেন, আবদুল্লাহ্ ইবন মাসঊদ (রাঃ) এর নিকট জনৈক ব্যক্তি উপস্থিত হয়ে পূর্বোক্ত হাদীসে বর্ণিত ঘটনা সম্পর্কে তাঁকে জিজ্ঞাসা করে। রাবী বলেন, লোকেরা এ ব্যাপারে একমাস ব্যাপী মতবিরোধ করে কিংবা (রাবীর সন্দেহ) একবার মতভেদ করে। তিনি (ইবন মাসঊদ) বলেন, এ ব্যাপারে আমার বক্তব্য এই যে, তার মাহর ঐরূপ ধার্য করতে হবে, যেরূপ মাহর ঐ পরিবারের মেয়েদের জন্য ধার্য করা হয় এবং এতে কোনরূপ কমবেশী করা যাবে না। আর সে মীরাসের অধিকারীও হবে এবং তাকে ইদ্দতও পালন করতে হবে। আর এ সিদ্ধান্ত যদি সঠিক হয়, তবে তা আল্লার পক্ষ হতে , আর যদি ভুল হয় তবে তা আমার পক্ষ হতে এবং শয়তানের পক্ষ হতে। আর আল্লাহ্ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে সম্পূর্ণ ত্রুটিমুক্ত। তখন আশজায়ী গোত্রের কিছু লোক দণ্ডায়মান হয়, যার মধ্যে আল্ জাররাহ্ ও আবূ সিনান ছিলেন। তাঁরা সকলে বলেন, হে ইবন মাসঊদ! আমরা সাক্ষ্য প্রদান করছি যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে বিরওয়া’ বিনত ওয়াশিকের সম্পর্কে এরূপ সিন্ধান্ত প্রদান করেন, তার স্বামী হিলাল ইবন মুররা আল আশজা’য়ীর ব্যাপারে যেমন আপনি ফায়সালা দিলেন। রাবী বলেন, এতদশ্রবণে আবদুল্লাহ্ ইবন মাসঊদ যারপরনাই খুশি হন। কেননা, তাঁর ফায়সালা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রদত্ত সিন্ধান্তের অনুরূপ হয়েছিল।