আবু দাউদ শরীফ - হাদীস নং ২,১১৫
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিবাহ ইত্যাদি অনুষ্ঠানের জন্য প্রয়োজনে পাঠের জন্য খুৎবা শিক্ষা দিয়েছেন। যা হলোঃ (অর্থ) সকল প্রশংসা আল্লাহর জন্য। আমরা তাঁর কাছেই সাহায্য চাই, এবং তাঁর নিকটই ক্ষমা প্রার্থনা করি। এবং তাঁর নিকট অন্তরের কুমন্ত্রণা থেকে পানাহ্ চাই, যাকে আল্লাহ্ পথ প্রদর্শন করেন তাকে গোমরাহ্ করার কেউ নেই। আর আল্লাহ্ যাকে গোমরাহ্ করেন তাকে পথ প্রদর্শনের কেউ নেই। আর আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ্ ছাড়া কোন ইলাহ্ নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল। হে ঈমানদারগণ! আল্লাহকে ভয় কর, যাঁর নামে তোমরা একে অপরের নিকট যাঞ্চা কর এবং সতর্ক থাক জ্ঞাতিবন্ধন সম্পর্কে। নিশ্চই আল্লাহ্ তোমাদের উপর তীক্ষ্ণদৃষ্টি রাখেন। হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর যথোপযুক্তভাবে ভয় করার মত এবং মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বলো, (তবে আল্লাহ্) তোমাদের কর্ম সংশোধোন করবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহ্ ও তাঁর রাসূলের আনুগত্য করে, অবশ্যই সে বিরাট সাফল্য লাভ করবে। রাবী মুহাম্মদ ইবন সুলায়মান তাঁর বর্ণনাতে ’’ইন্না’’ শব্দটি ব্যবহার করেননি। ।