আবু দাউদ শরীফ - হাদীস নং ২,১৯৯
তিনি বলেন, আমাকে আবদুর রহমান ইবন আবদুল্লাহ্ ইবন কা’ব মালিক (রাঃ) বলেছেন। আর কা’ব (রাঃ) যখন অন্ধ হয়ে যান, তখন তাঁর গোত্রের লোকেরা তাঁকে নিয়ে চলাফেরা করতো। রাবী বলেন,আমি কা’ব ইবন মালিককে বলতে শুনেছি। এরপর তাবুকের ঘটনা সম্পর্কে বিধৃত হয়েছে। তিনি বলেন, এরপর যখন পঞ্চাশ দিনের মধ্যে চল্লিশ দিন অতিবাহিত হয়, তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দূত আমার নিকট আগমন করেন এবং বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আপনার স্ত্রীর নিকট হতে দূরে অবস্থান করতে বলেছেন। তখন তিনি (কা’ব) জিজ্ঞাসা করেন, আমি কি তাকে তালাক দিব, না কি রাখব? দূত বলেন, না, (তালাক দিবেন না) বরং তার নিকট হতে দূরে থাকুন এবং তার সাথে সহবাস করবেন না। এতদশ্রবণে আমি আমার স্ত্রীকে বলি, তুমি তোমার পরিবারের নিকট গমন করো এবং তাদের সাথে অবস্থান করো, যতক্ষণ না আল্লাহ্ তা’আলা এ ব্যাপার সম্পর্কে ফায়সালা প্রদান করেন।