আবু দাউদ শরীফ - হাদীস নং ২,২৯৪
আবদুল্লাহ্ ইবন মাসলামা আল কা’নবী ...... সা’দ ইবন ইসহাক ইবন কা’ব উজরা তার ফুফু যায়নাব বিনত কা’ব ইবন উজরা হতে বর্ণনা করেছেন যে, ফারী’আহ বিনত মালিক ইবন সিনান, যিনি আবূ সাঈদ আল- খুদরী (রাঃ) এর বোন ছিলেন, তাকে বলেছেন যে, একদা তিনি রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে তার গোত্র বনী খাদরাতে প্রত্যাবর্তনের জন্য অনুমতি প্রার্থনা করেন। কেননা, তার স্বামী পলায়নপর গোলামদের অনুসন্ধানে বের হলে, তিনি তাদেরকে কুদুম নামক স্থানে দেখতে পান। এরপর তারা (গোলামেরা) তাকে হত্যা করে। এমতাবস্থায় আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ পরিবারে নিকট ফিরে যাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করি। কেননা, সে তার ঘরে আমার জন্য খোরপোষের কোন ব্যবস্থা রেখে যায়নি। রাবী বলেন, রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ হ্যাঁ। রাবী বলেন, এরপর আমি তাঁর নিকট হতে বের হয়ে, হুজরা কিংবা (রাবীর সন্দেহ) মসজিদের মধ্যেই ছিলাম। এমতাবস্থায় তিনি আমাকে ডাকেন অথবা (রাবীর সন্দেহ) ডাকার জন্য নির্দেশ দেন। এরপর আমি তাঁর নিকট ফিরে গেলে, তিনি জিজ্ঞাসা করেন, তুমি কী বলেছিলে? আমি পুনরায় তাঁর নিকট আমার স্বামীর ব্যাপারটি বর্ণনা করি। রাবী বলেন, এতদশ্রবণে তিনি বলেনঃ তোমার ইদ্দত শেষ না হওয়া পর্যন্ত তুমি তোমার (স্বামীর) ঘরে অবস্থান করবে। রাবী বলেন, এরপর আমি সেখানে চারমাস দশদিন অতিবাহিত করি। রাবী বলেন, উসমান (রাঃ) এর খিলাফত কালে, তিনি এ হাদীসটি আমার নিকট হতে শ্রবণের উদ্দেশ্যে এক ব্যক্তিকে পাঠান। সে আমার নিকট এ সম্পর্কে জিজ্ঞাসা করলে আমি তাকে সে সম্পর্কে অবহিত করি। আর তিনি উসমান এর অনুসরণ করেন এবং ঐ অনুসারে ফায়সালাও দিতেন।