আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৪২০
মূসা ইবন ইসমাঈল ..... মুজীবা আল্-বাহেলীয়্যা তাঁর পিতা হতে অথবা তাঁর চাচা হতে বর্ণনা করেছেন। তিনি একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আগমন ও সাক্ষাত করে তাঁর ঘরে প্রত্যাবর্তন করেন। এরপর এক বছর পরে তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে এমন অবস্থায় আগমন করেন যে, তার অবস্থা ও চেহারা পরিবর্তিত হয়ে গিয়েছিল। এরপর তিনি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনি কি আমাকে চিনতে পেরেছেন? তিনি জিজ্ঞাসা করেন, তুমি কে? তিনি বলেন, আমি বাহেলী, যে গত বছর আপনার নিকট এসেছিলাম। তিনি জিজ্ঞাসা করেন, তোমার এরূপ পরিবর্তনের কারণ কী, তুমি তো সুন্দর চেহারার অধিকারী ছিলে? তিনি বলেন, আপনার নিকট হতে প্রত্যাবর্তনের পর, আমি রাতে ব্যতীত দিনে কখনোও খাদ্য গ্রহণ করিনি (অর্থাৎ সারা বছর রোযা রেখেছি)। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার নাফসকে কেন কষ্ট দিলে? এরপর তিনি বলেন, তুমি রামাযান মাসের রোযা রাখবে। তিনি বলেন, আমাকে এর চেয়ে অধিক করার অনুমতি দিন, কেননা আমি সক্ষম। তিনি বলেন, তবে দু’দিন রোযা রাখবে। তিনি বলেন, এর চাইওে অধিক করার অনুমতি দিন। তিনি বলেন, তবে মাসে তিনদিন রোযা রাখবে। তিনি বলেন, এর চাইতেও অধিক করার অনুমতি দিন। তিনি বলেন, তুমি পবিত্র মাসগুলোতে রোযা রাখবে এবং রোযা পরিত্যাগও করবে। এরূপ তিনি তিনবার বলেন। আর তিনি স্বীয় তিনটি অঙ্গুলি বদ্ধ করে এবং পুনরায় তা খুলে, প্রতিমাসে তিনদিন রোযা রাখার ও তিনদিন বাদ দেয়ার প্রতি ইঙ্গিত করেন।