আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৫৪১
তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাঁর খচ্চরের পিঠে তাঁর পেছনে বসালেন। তারপর তিনি আমাকে গোপন একটি কথা বললেন, এবং তিনি বললেনঃ কাউকেও বলবে না। প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দু’টি স্থান খুবই পছন্দনীয় ছিল, ১. কোন উঁচু স্থান অথবা ২. গাছের ঝাড়। একবার তিনি একজন আনসারীর বাগানে প্রবেশ করলেন। তখন হঠাৎ একটি উট দেখা গেল। সেটি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখার সঙ্গে হিঁ হিঁ শব্দে আওয়ায করে কাঁদতে লাগলো। দু’চোখ হতে অশ্রুধারা বইতে লাগলো। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন এবং তার মাথার পেছন দিকে হাত রেখে দু’কানের গোড়া পর্যন্ত মুছে দিলেন। তাতে সে চুপ করে গেল। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, এ উটটি কার? এর মালিক কে? আনসার সম্প্রদায়ের এক যুবক বের হয়ে এসে উত্তর দিল, ইয়া রাসূলাল্লাহ্! এটি আমার উট। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ্ যে তোমাকে এ চতুষ্পদ জন্তুটির মালিক করেছেন, তুমি কি এর তত্ত্বাবধানের ব্যাপারে আল্লাহকে ভয় করো না? সে আমার নিকট তোমার বিরূদ্ধে অভিযোগ করলো যে, তুমি তাকে অভুক্ত রাখ এবং তাকে কষ্ট দাও।