আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭০৮
তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে হুনায়নের যুদ্ধের জন্য বের হই। এরপর যখন আমরা কাফিরদের সম্মুখীন হই, (তখন তাদের হঠাৎ প্রচন্ড আক্রমনে) মুসলিমদের মাঝে বিশৃঙ্খলা দেখা দেয়। রাবী বলেনঃ আমি দেখতে পাই যে, জনৈক কাফির কোন মুসলিম সেনাকে পরাভূত করছে। তখন আমি পিছন দিক হতে ঘুরে এসে তার গর্দানের উপর আঘাত করি। সে তখন আমার দিকে ফিরে আমাকে এমনভাবে চেপে ধরে, যাতে আমি মৃতবৎ হয়ে যাই। এরপর সে মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং আমাকে ছেড়ে দেয়। তখন আমি উমার ইবন খাত্তাবের দেখা পাই এবং তাঁকে বলিঃ লোকদের কি হয়েছে? তিনি বললেনঃ এটাই আল্লাহর হুকুম। এরপর (মুসলিম বহিনীর) লোকেরা (একত্রিত হয়ে আবার যুদ্ধের ময়দানে) ফিরে আসে। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা অবস্থায় বলতে থাকেনঃ যে মুসলিম কোন কাফিরকে হত্যা করবে এবং তার কাছে এর প্রমাণ থাকবে, তার সমুদয় পরিত্যক্ত মালের অধিকারী সে হবে। রাবী বলেনঃ তখন আমি দাঁড়াই এবং মনে মনে বলিঃ কে আমার জন্য সাক্ষী দেবে? তখন আমি বসে পড়ি। এরপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মত দ্বিতীয় বার ঘোষণা দিলেনঃ যে মুসলিম কোন কাফিরকে হত্যা করবে, স্পষ্ট প্রমাণ সাপেক্ষে সে তার পরিত্যক্ত মালের অদিকারী হবে। রাবী বলেনঃ তখন আমি দাঁড়াই, এরপর বলিঃ কে আমার পক্ষে সাক্ষী দেবে? এরপর আমি বসে পড়ি। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মত তৃতীয়বার বলেন। এ সময় আমি আবার দাঁড়াই। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে আবূ কাতাদা! তোমার কি হয়েছে? তখন আমি তাঁর কাছে সমস্ত ঘটনা বর্ণনা করি। সে সময় কাওমের জনৈক ব্যক্তি বলেঃ ইয়া রাসূলাল্লাহ্! সে সত্য বলেছে। আর ঐ নিহত ব্যক্তির মালামাল আমার কাছে আছে। তা থেকে আমাকে কিছু প্রদান করূন। তখন আবূ বকর সিদ্দীক (রাঃ) বলেনঃ না, আল্লাহর শপথ! এরূপ কখনই হতে পারে না। যখন আল্লাহর সিংহসমূহ হতে কোন সিংহ আল্লাহর পক্ষে এবং তাঁর রাসূলের পক্ষে জিহাদ করে, তার প্রাপ্য গণীমতের মাল তোমাকে কিরূপে দেওয়া যায়? তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ সে (আবূ বকর) সত্য বলছে। তুমি ঐসব মালামাল তাকে (আবূ কাতাদাকে) দিয়ে দাও। আবূ কাতাদা বলেনঃ তখন সে মালামাল আমাকে দিয়ে দেয়। আমি প্রাপ্ত লৌহ বর্মটি বিক্রয় করে, তা দিয়ে বনূ সালামা মহল্লায় একটি বাগান খরিদ করি। আর এটিই ছিল আমার প্রথম সম্পদ, যা আমি ইসলাম কবুল করার পর হাসিল করি।