আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৭২০
ইব্রাহীম ইবন সা’দ (রহঃ) .... হাশরাজ ইবন ইয়াযিদ (রাঃ) তাঁর দাদী হতে বর্ণনা করেন। তিনি (দাদী) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে খায়বর যুদ্ধে অংশগ্রহণ করেন এবং মহিলা ছয় জনের মধ্যে তিনি ছিলেন ৬ষ্ঠ। এ খবর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পৌঁছলে তিনি আমাদের ডেকে পাঠান। অতঃপর আমরা যখন তাঁর নিকট উপস্থিত হই, তখন তাঁর মাঝে রাগের চিহ্ন দেখতে পাই। তখন তিনি জিজ্ঞাসা করেনঃ তোমরা কার সাথে বের হয়েছ এবং কার হুকুমে বের হয়েছ? তখন আমরা বলিঃ ইয়া রাসূলাল্লাহ্! আমরা এজন্য এসেছি যে, আমরা গযল গেয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধের প্রেরণাদানে সাহায্য করব। আর আমাদের কাছে আহতদের সেবার জন্য ওষুধ আছে, আমরা তীর সংগ্রহ করব এবং আমরা ছাতু গুলে (যোদ্ধাদের) পান করাব। তখন তিনি বলেনঃ ঠিক আছে, তোমরা থাক। অতঃপর আল্লাহ যখন তাঁকে খায়বরের বিজয় দান করলেন, তখন তিনি আমাদেরকে মালে-গণীমতের ঐরূপ হিসসা প্রদান করলেন, যেরূপ তিনি পুরূষদের দিয়েছিলেন। রাবী বলেনঃ আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, হে আমার দাদাী! ঐ হিসসায় কী ছিল? তিনি জবাবে বলেনঃ তা ছিল খেজুর।