আবু দাউদ শরীফ - হাদীস নং ২৮৫
তিনি বলেন, উম্মে হাবীবা বিনতে জাহশ (রাঃ) যিনি উম্মুহাতুল মুমিনীন যয়নব (রাঃ) এর বোন ছিলেন এবং আবদুর রহমান ইবনু আওফ (রাঃ) এর স্ত্রী ছিলেন- তিনি একাধারে সাত বছর ইস্তেহাযাগ্রস্ত ছিলেন। এ ব্যাপারে তিনি রাসূল্লাল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এটা হায়েযের রক্ত নয়, বরং বিশেষ একটি শিরা হতে নির্গত রক্ত। অতএব তুমি গোসল করে নামায আদায় করবে। আয়িশা (রাঃ) হতে অন্য এক বর্ণনায় উল্লেখ আছে, “যখন তোমার হায়েযের জন্য নির্ধারিত সময় উপস্থিত হবে- তখন নামায হতে বিরত থাকবে এবং উক্ত সময় অতিবাহিত হলে গোসল করে নামায আদায় করবে।” আবূ দাউদ (রহঃ) বলেন, উপরোক্ত কথা আওযাঈ (রহঃ) ব্যতীত ইমাম যুহরী (রহঃ)-এর আর কোন শাগরিদ বর্ণনা করেননি। এই হাদীছ যুহরীর সূত্রে আমর ইবনুল হারিছ, লাইছ, ইউনুছ ইবনু আবী যেব, মামার, ইব্রাহীম ইবনু সা’দ, সুলায়মান ইবনু কাছীর, ইবনু ইসহাক এবং সুফয়ান ইবনু উয়ায়না প্রমুখ-রাবী বর্ণনা করেছেন। কিন্তু তাঁরাও উপরোক্ত কথাটুকুর উল্লেখ করেননি। অপর এক বর্ণনায় উল্লেখ আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবীবা -কে নির্দেশ দেনঃ “তুমি তোমার হায়েযের জন্য নির্ধারিত দিনগুলিতে নামায ত্যাগ করবে।”