Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮৫৪

প্রায় ২ মিনিট · ২৬৯ শব্দ

উছমান ইবন আবী শায়বা ও ইবন আবী খালাফ (রহঃ) .... আমির ইবন সা’দ (রহঃ) তাঁর পিতা থেকে বর্নণা করেছেন। তিনি বলেনঃ একবার তিনি [সা’দ ইবন আবী ওয়াক্কাস (রাঃ)] কঠিন পীড়ায় আক্রান্ত হন। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে দেখতে আসেন। সে সময় তিনি জিজ্ঞাসা করেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমার অনেক ধন-সম্পদ আছে কিন্তু একটি কন্যা ব্যতীত আমার আর কোন উত্তরাধিকার নেই। কাজেই আমি কি আমার সম্পদের তিনভাগের দুই ভাগ সাদকা করতে পারি? তখন তিনি বলেনঃ না। তখন তিনি আবার জিজ্ঞাসা করেনঃ আমি অর্ধেক সম্পদ সাদকা দান করতে পারি? তখনও তিনি বলেনঃ না। পুনরায় তিনি জিজ্ঞাসা করেনঃ আমি তিন ভাগের এক ভাগ কি সাদকা করতে পারি? তখন তিনি বলেনঃ হ্যাঁ, তিন ভাগের এক ভাগ দান করতে পার এবং সাদকার জন্য এক-তৃতীয়াংশই যথেষ্ট। অবশ্য তোমার জন্য তোমার উত্তরাধিকারদের মালদার অবস্থায় পরিত্যাগ করা উত্তম হবে, তাদের গরিবি হালে কাঙাল করে রেখে যাওয়ার চাইতে, যার ফলে তারা লোকের দুয়ারে ভিক্ষা মাঙতে থাকবে। (আর যে মাল তুমি তোমার পরিবারের জন্য) খরচ করছ, তুমি অবশ্যই তার সওয়াব পাবে। এমন কি তুমি তোমার স্ত্রীর মুখে যে গ্রাস তুলে দাও, তার সওয়াবও তুমি পাবে। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি কি আমার হিজরতের সওয়াব হতে পিছনে পড়ে থাকব? তিনি বললেনঃ আমার হিজরতের পর যদি তুমি মক্কায় থেকেই যাও এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নেক আমল করতে থাক, তবে এতেও তোমার মর্তবা বুলন্দ হবে। আর সম্ভবত এখানে তোমার অবস্থানের ফলে কিছু লোকের উপকার হবে এবং কিছু লোকের ক্ষতি হবে। অতঃপর তিনি এরূপ দু’আ করেনঃ হে আল্লাহ্! আমার সাথীদের হিজরত পূর্ণ করে দিন এবং তাদেরকে তাদের পিছনের দিকে ফিরাবেন না। কিন্তু ক্ষতিগ্রস্থ হলেন সাঈদ ইবন খাওলা , যার জন্য রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ প্রকাশ করতেন, তিনি মক্কাতে ইনতিকাল করেন।

ছবি বানান