আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯৬০
তিনি বলেনঃ আইশা (রাঃ) এ হাদীস বর্ণনা প্রসঙ্গে বলেছেন যে, যখন ফাতিমা (রাঃ) তাঁর মীরাছ দাবী করেন, তখন আবূ বকর (রাঃ) তাঁকে মীরাছ দিতে অস্বীকার করেন এবং বলেনঃ যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আমি কখনো তা পরিত্যাগ করব না। কেননা আমার ভয় হয়, যদি আমি তার কিছু পরিত্যাগ করি, তবে হয়তো গুমরাহ হয়ে যাব। (আবূ বকর (রাঃ)-এর ইন্তিকালের পর) উমার (রাঃ) তাঁর মদীনার সাদকার মাল আব্বাস (রাঃ) এবং আলী (রাঃ)-এর নিকট সোপর্দ করেন, যার উপর আলী (রাঃ) দখল নিয়েছিলেন। আর ফিদাক ও খায়বরের মাল উমার নিজের কতৃত্বে রেখে দেন এবং বলেনঃ এ দু’প্রকারের মালামাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাদকা, যা তাঁর বিভিন্ন প্রয়োজনে খরচ হতো। একই ভাবে এ দু’প্রকারের মাল খরচ করার ইখতিয়ার তাঁকে দেওয়া হয়, যিনি রাষ্ট্রের কর্ণধার হবেন। বস্তুত এ সময় হতে খিলাফতের শেষ সময় পর্যন্ত ফিদাক ও খায়বরের মাল এভাবে খরচ হতে থাকে, যেভাবে তিনি তা খরচের জন্য নির্দেশ দিয়েছিলেন।