আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,০১৭
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন (দীনের দাওয়াত দেওয়ার জন্য) বের হন, তখন হামদান গোত্রের লোকেরা আমাকে বলেঃ তুমি কি এ ব্যক্তির (মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিকট গমন করে আমাদের ব্যাপারে কথাবার্তা বলবে? যদি তুমি আমাদের সস্পর্কীয় কোন ব্যাপারে রাযী হও, তবে আমরাও তা কবূল করব, আর যদি তুমি কোন কিছু অপছন্দ কর, তবে আমরাও তা অপছন্দ করব। আমি বলিঃ হ্যাঁ। অতঃপর আমি রওয়ানা হই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট হাযির হই। আমি তাঁর কথাবার্তা পসন্দ করি এবং আমার কওমের লোকেরা ইসলাম কবুল করে নেয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পত্রখানা উমায়র যু-মাররানের নিকট প্রেরণ করেন। রাবী বলেনঃ এরপর তিনি মালিক ইবন মুরারা রাহাবী (রাঃ)-কে সমস্ত ইয়ামনবাসীর নিকট (ইসলামের পয়গাম পৌছানের জন্য) প্রেরণ করেন। তখন আক্কু যূ-খায়ওয়ান নামক জনৈক ব্যক্তি ইসলাম কবুল করে। রাবী বলেনঃ তখন আক্কু-কে বলা হয়, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যাও এবং তাঁর নিকট হতে তোমার গ্রামবাসী ও তোমার মালের জন্য নিরাপত্তা চাও। তখন সে ব্যক্তি তাঁর নিকট উপস্থিত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এ ফরমান লিখে দেনঃ ’’বিস্মিল্লাহির রাহমানির রাহীম’’ এ ফরমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পক্ষ হতে আক্কু যূ-খাওয়ানের জন্য। যদি সে (তার বক্তব্য) সত্যবাদী হয়, তবে তার জন্য নিরাপত্তা—তার যমীনে, মালে ও গোলামে এবং সে আল্লাহ্র যিম্মায় ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যিম্মায় থাকবে। এ ফরমানটি লিখেছিলেন খালিদ ইবন সাঈদ ইবন আস ।