আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,১২৭
তিনি বলেনঃ আমি আইশা (রাঃ)-কে এরূপ বলতে শুনেছিঃ যখন সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়ার জন্য সিদ্ধান্ত নেন, তখন তাঁরা বলেনঃ আল্লাহ্র শপথ! আমরা বুঝতে পারছি না যে, আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাপড় খুলে ফেলব, যেমন আমরা আমাদের অন্যান্য মৃত ব্যক্তির কাপড় খুলে ফেলি অথবা আমরা তাকে কাপড় পরা অবস্থায় গোসল দেব? যখন তারা মতভেদ করলো, তখন আল্লাহ্ তাদের সকলকে তন্দ্রাচ্ছন্ন করে ফেলেন, এমন কি তাদের একজনও এমন ছিল না (নিদ্রার কারণে) যার থুতনী তার বক্ষের উপর আপতিত হয়নি। এ সময় জনৈক ব্যক্তি ঘরের এক কোণা হতে বলল, তাঁরা জানত না-তিনি কে? তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাঁর পরিধেয় কাপড়সহ গোসল দাও। তখন সাহাবীগণ উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড়সহ গোসল দিতে শুরু করেন। এ সময় তাঁর দেহ তাঁর পবিত্র জামা ছিল। তাঁরা জামার উপর পানি ঢেলে, ঐ জামা দিয়ে তাঁর দেহ ঘর্ষণ করেন এবং তাঁরা তাঁর দেহে হাত লাগান নি। আইশা বলেনঃ আমি যদি আগে বুঝতে পারতাম, যা আমি পরে বুঝতে পারি, তবে তাঁকে তাঁর বিবিগণ ছাড়া আর কেউ-ই গোসল দিতে পারত না।