আবু দাউদ শরীফ - হাদীস নং ৩২২
তিনি বলেন, একদা আমি উমর (রাঃ) এর নিকট উপস্থিত ছিলাম, তখন সেখানে এক ব্যক্তি হাযির হয় এবং বলে- আমরা কোন কোন সময় এক-দুই মাস পর্যন্ত পানিবিহীন স্থানে (নাপাক অবস্থায়) অবস্থান করি (এমতাবস্থায় করণীয় কি)। উমার (রাঃ) বলেন, পানি না পাওয়া পর্যন্ত আমি নামায হতে বিরত থাকি। রাবী বর্ণনা করেন, তখন আম্মার (রাঃ) বলেন, হে আমীরুল মুমিনীন! আপনার কি ঐ ঘটনার কথা স্মরণ নাই, যখন আমি এবং আপনি উটের চারণ ভূমিতে ছিলাম, তখন আমরা উভয়েই ’জুনুব’ (অপবিত্র) হই। এ সময় আমি পবিত্রতা হাসিলের উদ্দেশ্যে মাটির মধ্যে গড়াগড়ি দেই। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমতে হাযির হয়ে এ সম্পর্কে তাকে অবহিত করি। তিনি বলেন, এরূপ করলেই তোমার জন্য যথেষ্ট হত এবং একথা বলে তিনি তাঁর দুই হাত মাটিতে মারেন। অতঃপর তাতে ফুঁ দিয়ে উভয় হাত মুখমন্ডল এবং দুই হাতের কনুই পর্যন্ত মাসেহ্ করেন। তখন উমার (রাঃ) বলেন, আল্লাহকে ভয় কর। আম্মার (রাঃ) বলেন, হে আমীরুল মুমিনীন! আপনি যদি চান- তবে তা আর কোন দিন উল্লেখ করব না। উমার বলেন, এরূপ কখনই নয়; বরং তুমি চাইলে আমি তা প্রচারের জন্য তোমাকে সুযোগ করে দেব।