আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,২২৮
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন মুসলিমের ধন-সস্পদ আত্মসাৎ করার উদ্দেশ্যে মিথ্যা কসম খাবে, সে আল্লাহ্র সঙ্গে এমতাবস্থায় সাক্ষাত করবে যে, আল্লাহ্ তার প্রতি ক্রোধান্বিত হবেন। তখন রাবী আশ’আছ (রহঃ) বলেনঃ আল্লাহ্র শপথ! এ হাদীছ তো তিনি আমার সম্পর্কে বলেছেন। কেননা, আমার এবং একজন ইয়াহূদীর যৌথ মালিকানায় একটি জমি ছিল, যা সে আমাকে দিতে ধোঁকাবাজি করে। তখন আমি তাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে হাযির হই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করেনঃ তোমার পক্ষে কোন সাক্ষী আছে কি? আমি বলিঃ না। তখন তিনি ইয়াহূদীকে বলেনঃ তুমি কসম খাও। আমি বলিঃ ইয়া রাসূলাল্লাহ! সে তো কসম খেয়ে আমার অংশ নিয়ে নেবে। তখন আল্লাহ্ এ আয়াত নাযিল করেনঃ إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً অর্থাৎ যারা আল্লাহ্র নামে মিথ্যা শপথ করে সামান্য সম্পদ খরিদ করে, তারা আখিরাতে কিছুই পাবে না। আল্লাহ্ আখিরাতে তাদের সাথে কথা বলবেন না এবং তাদের প্রতি দৃকপাতও করবেন না বরং তারা কঠিন আযাবে গ্রেফতার হবে।