Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,২৩০

প্রায় ২ মিনিট · ১৮৯ শব্দ

তিনি বলেনঃ হাযরামূত ও কিনদা গোত্রের দু’ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট হাযির হয়। তখন হাযরামী বলেঃ ইয়া রাসূলাল্লাহ! এ ব্যক্তি আমার পিতার জমি জোর করে দখল করেছে। এ সময় কিনদা গোত্রের লোকটি বলেঃ ঐ জমি তো আমার, আমি নিজেই সেখানে ফসল উৎপন্ন করি। সেখানে তার কোন অধিকার নেই। রাবী বলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযরামীকে জিজ্ঞাসা করেনঃ এ ব্যাপারে তোমার পক্ষে কি কোন সাক্ষী আছে? তখন সে বলেঃ না। এ সময় তিনি বলেনঃ যদি তোমার পক্ষে কোন সাক্ষী না থাকে, তবে তোমার হক নির্ধারণের ব্যাপারে ঐ ব্যক্তির কসমই গ্রহণীয় হবে। তখন হাযরামী বলেঃ ইয়া রাসূলাল্লাহ! সে ব্যক্তি তো দুষ্কৃতকারী। সে কসম খাওয়ার ব্যাপারে ইতস্তত করবে না। কেননা, সে কোন ব্যাপারে বাছ-বিচার করে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমার জন্য এছাড়া বিকল্প আর কোন পথ নেই। এরপর কিনদা গোত্রের লোকটি এব্যাপারে কসম খাওয়ার জন্য রওয়ানা হয়। যখন সে পিঠ ফিরিয়ে যায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ জেনে রাখ, যদি সে অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করার জন্য মিথ্যা কসম খায়, তবে সে যখন আল্লাহ্‌র সঙ্গে মিলিত হবে, তখন আল্লাহ্‌ তার থেকে মুখ ফিরিয়ে নেবেন।

ছবি বানান