আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৪২১
তিনি বলেনঃ আমরা কোন এক জিহাদে অংশ গ্রহণ করেছিলাম। এ সময় আমাদের জনৈক সাথী একটি গোলামের বিনিময়ে একটি ঘোড়া ক্রয় করে। এরপর ক্রেতা-বিক্রেতা সেখানে সমস্ত দিন অবস্থান করে। পরদিন সকালে যখন যাত্রার সময় উপস্থিত হয়, তখন যে ব্যক্তি ঘোড়া ক্রয় করেছিল, সে দাঁড়িয়ে ঘোড়ার পিঠে জিন বাঁধতে শুরু করে। তখন বিক্রেতা লজ্জিত অবস্থায় তার নিকট উপস্থিত হয়ে ঘোড়াটি ফেরত চাইলে সে তা ফেরত দিতে অস্বীকার করে। তখন সে ব্যক্তি বলেঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবী আবূ বারযা (রাঃ) আমার ও তোমার মধ্যকার ব্যাপারটি নিষ্পত্তি করে দেবেন। তখন তারা উভয়ে সৈন্যদলের শেষ মাথায় আবূ বারযা (রাঃ)-এর নিকট উপস্থিত হয়ে সমুদয় বৃত্তান্ত বর্ণনা করলে তিনি বলেনঃ তোমরা উভয়ে এতে রাযী আছ কি যে, আমি তোমাদের ব্যাপারটি সেরূপে ফয়সালা করে দেই, যেরূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ক্রেতা-বিক্রেতা বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত তাদের ইখতিয়ার থাকবে। রাবী হিশাম ইবন হাসসান (রহঃ) বলেনঃ জামিল (রহঃ) বর্ণনা করেছেন যে, আবূ বারযা এও বলেনঃ আমি দেখছি তোমরা এখনও বিচ্ছিন্ন হওনি।