আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৬০২
তিনি বলেনঃ একদা আমি দামেশকের মসজিদে আবূ দারদা (রাঃ) এর নিকট বসে ছিলাম। এ সময় এক ব্যক্তি এসে বলেঃ হে আবূ দারদা! আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শহর মদীনা থেকে আপনার নিকট একটা হাদীছ শোনার জন্য এসেছি। আমি জানতে পেরেছি যে, আপনি উক্ত হাদীছটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন। এছাড়া আর কোন কারণে আমি এখানে আসিনি। তখন আবূ দারদা (রাঃ) বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি ইলম (কুরআন ও হাদীছের জ্ঞান) হাসিলের জন্য কোন রাস্তা অতিক্রম করে, আল্লাহ্ তাকে জান্নাতের রাস্তাসমূহের মধ্যে একটি রাস্তা অতিক্রম করান। আর ফেরেশতারা তালেবে-ইলম বা জ্ঞান অন্বেষণকারীর জন্য তাদের ডানা বিছিয়ে দেন এবং আলিমের জন্য আসমান ও যমীনের সব কিছুই মাগফিরাত কামনা করে, এমনকি পানিতে বসবাসকারী মাছও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। আর আবিদের উপর আলিমের ফযীলত এরূপ, যেরূপ পূর্ণিমার রাতে চাঁদের ফযীলত সমস্ত তারকারাজির উপর। আর আলিমগণ হলেন, নবীদের ওয়ারিছ, এবং নবীগণ দীনার (স্বর্ণমুদ্রা) ও দিরহাম মীরাছ হিসাবে রেখে যান না, বরং তাঁরা রেখে যান-ইলম। কাজেই যে ব্যক্তি ইলম হাসিল করলো, সে প্রচুর সম্পদের মালিক হলো।