Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৬২৫

প্রায় ২ মিনিট · ২০৮ শব্দ

তিনি বলেনঃ একদা আমি একদল গরীব মুহাজিরের মাঝে বসা ছিলাম, আর এ সময় তারা একে অন্যের আশ্রয় নিয়ে তার উন্মুক্ত সতর ঢাকার চেষ্টা করছিল। তখন একজন ক্বারী আমাদের কুরআন পাঠ করে শুনাচ্ছিলেন। এ সময় হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসেন এবং আমাদের সামনে দাঁড়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়ানোর কারণে ক্বারী কিরা’আত পাঠ করা বন্ধ করে দেয়। এরপর তিনি সালাম করে জিজ্ঞাসা করেনঃ তোমরা কি করছিলে? আমরা বললামঃ ইয়া রাসূলাল্লাহ! তিনি হলেন কারী, আমরা তার নিকট হতে কুরআন পাঠ শুনছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ সমস্ত প্রশংসা আল্লাহ্‌র জন্য, যিনি আমার উম্মাতের মধ্যে এমন লোকদের পয়দা করেছেন, যাদের সঙ্গে সবর করার জন্য আমাকেও নির্দেশ দেওয়া হয়েছে। রাবী বলেনঃ এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে ভ্রাতৃত্ববোধ প্রকাশের জন্য আমাদের মাঝে বসে পড়েন। এরপর তিনি তাঁর হাতের ইশারায় সকলকে গোলাকার হয়ে বসতে বলেন। পরে সকলে হালকা করে বসলে সকলের চেহারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দিকে হয়। রাবী বলেনঃ আমার জানামতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্য হতে আমাকে ব্যতীত আর কাউকে চিনতে পারেন নি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে ফকীর মুহাজির দল! তোমরা সুসংবাদ গ্রহণ কর কিয়ামতের দিন পূর্ণ আলো পাওয়ার। তোমরা ধনী-ব্যক্তিদের অর্ধ-দিন আগেই জান্নাতে প্রবেশ করবে। আর সে অর্ধ-দিন হবে পাঁচশ বছরের সমান।

ছবি বানান