আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৬৫০
তিনি বলেনঃ আবদুল কায়স গোত্রের প্রতিনিধিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হয়ে বলে যে, ইয়া রাসূলাল্লাহ! আমরা রাবীআ গোত্রের লোক, আমাদের ও আপনার মাঝে অন্তরায় সৃষ্টিকারী হল মুযার গোত্রের লোকেরা। সে জন্য আমরা সম্মানিত মাস ব্যতীত আপনার নিকট উপস্থিত হতে পারি না। আপনি আমাদের এমন কিছু নির্দেশ দেন, যা আমরা নিজেরা আমল করবো এবং অন্য লোকদের নিকট তা পৌছে দেব। তিনি বলেনঃ আমি তোমাদের চারটি জিনিসের নির্দেশ দিচ্ছি এবং অপর চারটি জিনিস থেকে নিষেধ করছি। (আমি যা করার নির্দেশ দিচ্ছি, তা), (১) আল্লাহ্র প্রতি এরূপ সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ্ ছাড়া আর কোন ইলাহ নেই। এ বলে তিনি তাঁর হাত দিয়ে একের প্রতি ইশারা করেন। রাবী মুসাদ্দাদ (রহঃ) বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ বলেন যে, আল্লাহ্র উপর ঈমান আনা। এরপর এর ব্যাখ্যায় তাদের বলেনঃ এরূপ সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ্ ছাড়া আর কোন ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল; (২) সালাত কায়েম করা; (৩) যাকাত আদায় করা এবং (৪) গনীমতের মাল হতে এক পঞ্চমাংশ প্রদান করা। আর আমি তোমাদের নিষেধ করছিঃ (১) কদুর খোল দ্বারা তৈরী পাত্র হতে; (২) সবুজ লাখার তৈরী পাত্র হতে; (৩) শীশার তৈরী বিশেষ পাত্র এবং (৪) কাঠের তৈরী পাত্র ব্যবহার করা হতে। ইবন উবায়দ ’মুকীরের’ স্থানে ’নাকীর’ বলেছেন এবং মুসাদ্দাদ ’মুকীর’ এবং ’নাকীর’ বলেছেন, মুযাফফাত বলেন নি। ইমাম আবূ দাঊদ বলেনঃ আবূ জামরার সাম হলো নাসর ইবন ইমরান।