আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৮৬০
উবাইদুল্লাহ ইবন মু’আয (রহঃ) .... খারিজা ইবন সালত তামিমী (রহঃ) তাঁর চাচা হতে বর্ণনা করেন। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হতে বিদায় নেওয়ার পর আরবের একটি সম্প্রদায়ের নিকট উপস্থিত হই। তারা বলেঃ আমরা শুনেছি, তোমরা ঐ ব্যক্তির থেকে উত্তম কিছু নিয়ে এসেছ। তোমাদের কাছে কোন ঔষধ-পত্র বা দু’আর ব্যবস্থা আছে কি? কেননা, আমাদের কাছে শিকলে বাঁধা অবস্থায় একজন পাগল আছে। রাবী বলেন, আমরা বললাম হ্যাঁ। রাবী বলেনঃ তখন তারা সে শৃঙ্খলিত পাগল ব্যক্তিকে নিয়ে আসে। রাবী বলেনঃ আমি তিন দিন সকাল–সন্ধ্যা সূরা ফাতিহা পড়ে, মুখে থুথু জমা করে, তার প্রতি নিক্ষেপ করি। রাবী বলেনঃ ফলে সে এমন সুস্থ হয়ে যায়, যেন সে বন্ধন মুক্ত হয়। রাবী বলেনঃ তারা আমাকে এর বিনিময় প্রদান করে। তখন তাঁকে জিজ্ঞাসা করায় তিনি বলেন, তুমি তা গ্রহণ কর এবং খাও। আমার জীবনের শপথ! লোকেরা তো মিথ্যা মন্ত্র-তন্ত্র পড়ে বিনিময় গ্রহণ করে খায়, আর তুমি তো সত্য দু’আ পড়ে তার বিনিময় গ্রহণ করে খাচ্ছ।