আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,২১২
তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেনঃ হে আবূ যার! আমি বলিঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি আপনার খিদমতে হাযির। এরপর তিনি হাদীছ বর্বনা প্রসঙ্গে বলেনঃ তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, হে আবূ যার! যখন (মড়কের কারণে) বহু লোক মারা যাবে এবং (লোক না থাকার কারণে) একটি গোলামের বিনিময়ে একটি বাড়ি পাওয়া যাবে, তখন তুমি কি করবে? আমি বলিঃ এ ব্যাপারে আল্লাহ্ এবং তাঁর রাসূল সমধিক অভিজ্ঞ; বা আল্লাহ্ এবং তাঁর রাসূল আমাকে যা নির্দেশ দেন, (আমি তাই করবো)। তিনি বলেনঃ সে সময় তুমি সবর করবে, অথবা তিনি বলেনঃ তুমি সবর কর। এরপর তিনি বলেনঃ হে আবূ যার! আমি বলিঃ আমি আপনার খিদমতে হাযির। তিনি বলেনঃ যখন তুমি আহ্যার-যায়ত’ নামক স্থানটিকে রক্ত-প্লাবিত দেখবে, তখন কি করবে? আমি বলিঃ আল্লাহ্ এবং তাঁর রাসূল যা বলেন, আমি তাই করবো। তিনি বলেনঃ তখন তুমি নিজের লোকদের কাছে ফিরে যাবে। রাবী বলেনঃ এরপর আমি জিজ্ঞাসা করিঃ ইয়া রাসূলাল্লাহ্! সে সময় আমি তরবারি নিয়ে তা কি কাঁধে ঝুলিয়ে রাখবো না? তিনি বলেনঃ তবে তো তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। রাবী বলেন, তখন আমি জিজ্ঞাসা করিঃ সে সময় আপনি আমাকে কি করতে বলেন? তিনি বলেনঃ তুমি তোমার ঘরে অবস্থান করবে। আমি বলিঃ তখন যদি হামলা করার জন্য কেউ সেখানে প্রবেশ করে? তিনি বলেনঃ যদি তুমি আক্রমণের আশংকা কর, তবে তোমার মুখ চাদর দিয়ে ঢেকে নেবে (এবং নিহত হয়ে যাবে); ফলে, সে হত্যাকারী তার ও তোমার সমস্ত গুনাহের ভাগী হবে। ইমাম আবূ দাঊদ বলেনঃ ’মুশআছ’-কে এ হাদীছে হাম্মাদ ইব্ন যায়দ ছাড়া আর কেউ উল্লেখ করেননি।