আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৩০৩
আবু মূসা আশআরী (রাঃ) বলেনঃ একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আগমন করি, যখন আমার সাথে আশ্আর গোত্রের দুই ব্যক্তি ছিল। তাদের একজন আমার ডানদিকে এবং অপরজন বামদিকে ছিল। তারা উভয়ই কর্মচারী নিযুক্ত হতে চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকেন। এরপর তিনি বলেনঃ হে আবূ মূসা, অথবা হে আবদুল্লাহ্ ইব্ন কায়স! তুমি কি বল? তখন আমি বলিঃ ঐ জাত-পাকের কসম! যিনি আপনাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন। এই দুই ব্যক্তি তাদের মনের গোপন ইচ্ছা আমাকে অবহিত করেনি এবং আমি জানতাম না যে, তারা চকরীর জন্য দরখাস্ত করবে। আবূ মূসা (রাঃ) বলেনঃ সে সময় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মিস্ওয়াকের দিকে তাকাচ্ছিলাম, যা তাঁর ঠোঁটের নীচে ছিল এবং এ কারণে তাঁর ঠোঁটের উপরের দিকে উঠানো ছিল। এরপর তিনি বলেনঃ যে ব্যক্তি নিজ শাসনভার পেতে চায়, আমি তাকে শাসক হিসাবে নিয়োগ করি না। কাজেই হে আবূ মূসা, অথবা হে আবদুল্লাহ্ ইব্ন কায়স! তুমিই শাসনভার গ্রহণ কর। এরপর তিনি আমাকে ইয়ামনের গভর্নর নিয়োগ করে প্রেরণ করেন। পরে তিনি মু’আয ইব্ন জাবাল (রাঃ)-কে ইয়ামনের শাসনকর্তা হিসাবে তার স্থলাভিষিক্ত করেন। আবূ মূসা (রাঃ) বলেনঃ যখন মু’আয (রাঃ) তার কাছে উপস্থিত হন, তখন তিনি তাকে বসার জন্য অনুরোধ করেন এবং তার জন্য একটি বালিশ রেখে দেন। এ সময় মা’আয (রাঃ) তার নিকট বন্ধনযুক্ত অবস্থায় এক-ব্যক্তিকে দেখতে পান। তিনি জিজ্ঞাসা করেন এ ব্যক্তি কে? তখন আবূ মূসা (রাঃ) বলেনঃ এই ব্যক্তি আগে ইয়াহূদী ছিল, পরে সে ইসলাম কবূল করে, এরপর সে ঐ খারাপ ধর্মে প্রত্যাবর্তন করেছে। তখন মু’আয (রাঃ) বলেনঃ আমি ততক্ষণ বসবো না, যতক্ষণ না এই ব্যক্তিকে আল্লাহ্ ও রাসূলের নির্দেশ মত হত্যা করা হয়। তখন আবূ মূসা (রাঃ) বলেনঃ হ্যাঁ, এরূপই হবে। আপনি বসুন। তখন মু’আয (রাঃ) তিন বার এরূপ বলেনঃ আমি ততক্ষণ বসবো না, যতক্ষণ না এই ব্যক্তিকে আল্লাহ্ ও রাসূলের নির্দেশ মত হত্যা করা হয়। এরপর আবূ মূসা (রাঃ) তাকে হত্যার নির্দেশ দেন এবং তা কার্যকর হয়। পরে তাঁরা রাত্রি জাগরণ সম্পর্কে আলোচনা শুরু করেন। তখন তাঁদের একজন, সম্ভবতঃ মু’আয ইব্ন জাবাল বলেনঃ আমি রাতে ঘুমাই এবং উঠে সালাত ও আদায় করি; অথবা আমি রাতে উঠে সালাতও আদায় করি এবং ঘুমাইও। আর আমি দাঁড়িয়ে সালাত আদায় করার জন্য যেরূপ ছাওয়াবের আশা করি, ঐরূপ ছাওয়াব আমি ঘুমিয়ে থাকাবস্থায়ও আশা করি।