আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৩৮৯
তারা বলেনঃ একদা দুই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকটে মোকদ্দমা দায়ের করে। তাদের একজন বলেঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাদের মাঝে আল্লাহ্র কিতাব অনুযায়ী ফায়সালা করে দেন। তাদের মধ্যেকার দ্বিতীয় ব্যক্তি, যে অধিক জ্ঞানী ও বুদ্ধিমান ছিল; সেও বলেঃ ইয়া রাসূলাল্লাহ! আমাদের মাঝের ব্যাপারটি আল্লাহ্র বিধান অনুযায়ী ফায়সালা করে দেন। আর এ সম্পর্কে আমাকে কিছু বলার অনুমতি দেন। তখন তিনি বলেনঃ তুমি বল। তখন সে ব্যক্তি বলে যে, ব্যাপার হলোঃ আমার ছেলে এ লোকের চাকর ছিল, যে মজুরীর বিনিময়ে তার কাজ করতো। আর সে ঐ লোকের স্ত্রীর সাথে যিনা করেছে। তখন তারা আমার কাছে এরূপ খবর দেয় যে আমার ছেলের উপর রজমের দণ্ড অর্পিত হয়েছে। তখন আমি তার পক্ষে একশত বকরী ও একটি দাসী ফিদয়া স্বরূপ প্রদান করেছি। এরপর আমি জ্ঞানী ব্যক্তিদের কাছে জিজ্ঞাসা করলে, তারা আমাকে বলেছেঃ আমার ছেলের শাস্তি হলো-একশত রেত্রাদণ্ড এবং এক বছরের জন্য দেশ থেকে বহিষ্কার। আর ঐ স্ত্রীলোককে পাথর মেরে হত্যা করতে হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি শুনে রাখ, আল্লাহ্র শপথ! যার নিয়ন্ত্রণে আমার জীবন; আমি তোমাদের মধ্যেকার বিবাদের ফায়সালা আল্লাহ্র কিতাব অনুসারে করে দেব; আর তা হলোঃ তোমার বকরী এবং দাসী তোমাকে ফিরিয়ে দেয়া হবে। তার ছেলের শাস্তি হলো-একশত বেত্রাদণ্ড ও এক বছরের জন্য দেশ থেকে বহিষ্কার। এরপর তিনি উনায়ম আসলামী -কে বলেনঃ দ্বিতীয় ব্যক্তির স্ত্রীকে নিয়ে এসো, যদি সে যিনার কথা স্বীকার করে, তবে তাকে রজম করবে। তখন সে মহিলা যিনার কথা স্বীকার করলে, তাকে পাথর মেরে হত্যা করা হয়।