আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪২৫
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি কেউ মদ পান করে মাতাল হয়, তবে তাকে কোড়া মারবে। সে মদ খেয়ে যদি আবার মাতাল হয়, তবে তাকে আবার চাবুক মারবে। সে যদি পুনরায় মদ খেয়ে মাতাল হয়, তবে তাকে আবারও কোড়া মারবে। আর সে যদি চতুর্থবার মদ খেয়ে মাতাল হয়, তবে তখন তাকে হত্যা করবে। ইমাম আবূ দাউদ (রহঃ) তিনি বলেনঃ আমর ইবন আবূ সালাম (রহঃ) তার পিতা থেকে বর্ণনা করেছেন যে, আবূ হুরায়রা (রাঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরূপ বর্ণনা করেছেনঃ যদি কেউ মদ পান করে, তবে তাকে চাবুক মারবে। যদি এভাবে সে চতুর্থবার মদ পান করে, তবে তাকে হত্যা করবে। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ সুহায়ল (রহঃ) আবূ সালিহ হতে, তিনি আবূ হুরায়রা (রাঃ) থেকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেনঃ যদি চতুর্থবার মদ পান করে, তোমরা তাকে হত্যা করবে। এভাবে আবূ নুঈম (রহঃ) ইবন উমার (রাঃ) থেকে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। রাবী শরীদ (রহঃ)-ও নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেও এরূপ বর্ণনা করেছেন। রাবী জাদালী (রহঃ) মুআবিয়া থেকে বর্ণনা করেছেন যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সে ব্যক্তি তৃতীয় বা চতুর্থবার মদ পান করে, তবে তোমরা তাকে হত্যা করবে।