আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪৫৬
তিনি বলেনঃ আবদুল্লাহ ইবন সাহল ও মুহায়না (রাঃ) বিপদগ্রস্ত হয়ে খায়বরের দিকে রওয়ানা হন। এ সময় মুহায়সা (রাঃ)-কে কোন এক ব্যক্তি এরূপ সংবাদ দেয় যে, আবদুল্লাহ ইবন সাহল (রাঃ)-কে হত্যা করে কূপের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। এ কথা শুনে তিনি ইয়াহূদীদের কাছে গিয়ে বলেনঃ তারা বলেঃ আল্লাহ্র কসম আমরা তাকে হত্যা করিনি। এরপর তিনি তার কাওমের কাছে ফিরে গিয়ে তাদেরকে এ সম্পর্কে অবহিত করেন। এরপর তিনি, তার বড় ভাই হুয়ায়াসা এবং আবদুর রহমান ইবন সাহল (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে গমন করেন। এ সময় মুহায়না (রাঃ) যিনি খায়বরের ঘটনার সময় উপস্থিত ছিলেন, তা বর্ণনা করতে শুরু করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ বড় ভাইয়ের বলা উচিত। এরপর হুয়ায়সা (রাঃ) বর্ণনা শেষ করলে, পুনরায় মুহায়সা (রাঃ) বর্ণনা করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হয়তো ইয়াহূদীরা দিয়াত প্রদান করবে, নয়তো তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে তাদের কাছে পত্র লিখলে তারা জানায়ঃ আল্লাহ্র শপথ! আমরা তাকে হত্যা করিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়ায়সা ও আবদুর রহমান (রাঃ)-কে বলেনঃ তোমরা কি কসম খেয়ে তোমাদের ভাইয়ের কিসাস গ্রহণ করতে পার? তারা বলেঃ না। তখন তিনি বলেনঃ তবে ইয়াহূদীরা তোমাদের জন্য শপথ করে বলুক। তারা বলেঃ তারা তো মুসলিম নয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ হতে দিয়াত আদায় করে দেন এবং তিনি তাদের কাছে একশো উট পাঠিয়ে দেন, যা তাদের ঘরে পৌছে যায়। রাবী সাহল বলেনঃ এর থেকে একটা লাল রঙের উট আমাকে লাথি মেরেছিল।