আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪৫৫
তাঁরা বলেনঃ মুহায়য়েসা ইবন মাসঊদ ও আবদুল্লাহ ইবন সাহল (রাঃ) খায়বরের উদ্দেশ্যে বের হন। কিন্তু তারা একটি খেজুর বাগানে পৌছে বিচ্ছিন্ন হয়ে যান। এ সময় আবদুল্লাহ ইবন সাহল নিহত হন। লোকেরা ইয়াহূদীদের দোষারোপ করে। তখন তার ভাই আবদুর রহমান ইবন সাহল এবং চাচাতো ভাই হুয়ায়সা ও মুহায়সা (রাঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে গমন করেন। এ সময় আবদুর রহমান, যিনি তাদের মধ্যে সব চাইতে কম বয়সের ছিলেন, তার ভাইয়ের ব্যাপারটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুরু করেন। তখন তিনি বলেনঃ বড়কে সম্মান কর; অথবা তিনি বলেনঃ বড়কে বলতে দাও। তখন হুয়ায়সা ও মুহায়সা (রাঃ) নিহত ব্যক্তি সম্পর্কে বক্তব্য পেশ করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের মধ্য থেকে পঞ্চাশ জন কোন ব্যক্তি সম্পর্কে কসম করে বলবেঃ সে হত্যা করেছে। তখন তারা বলেঃ আমরা যা দেখিনি, সে ব্যাপারে আমরা কি ভাবে কসম করবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তাহলে ইয়াহূদীদের পঞ্চাশ ব্যক্তি এ সম্পর্কে কসম করে বলবেঃ তারা এ ব্যাপারে দোষী নয়, বরং দোষ মুক্ত। তখন তারা বলেঃ ইয়া রাসূলাল্লাহ! তারা তো কাফির! রাবী বলেনঃ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে তাদের দিয়াত দিয়ে দেন। রাবী সাহল (রাঃ) বলেনঃ আমি একদিন তাদের আস্তাবলে গেলে, সে উট থেকে একটি উট আমাকে পদাঘাত করে। রাবী হাম্মাদ (রহঃ)ও এরূপ বর্ণনা করেছেন। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেনঃ বিশর ইবন মুফাদদাল ও মালিক (রহঃ) ইয়াহইয়া ইবন সাঈদ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেনঃ তোমরা কি পঞ্চাশটি কসম খেয়ে তোমাদের নিহত ব্যক্তির হকদার হতে চাও?