আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪৬৯
তিনি বলেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ জাহম ইবন হুযায়ফা -কে যাকাত আদায় করার জন্য পাঠায়। তখন তার সাথে এ ব্যাপারে এক ব্যক্তির বচসা হলে, তিনি তাকে মারধর করেন, যাতে তার মাথা ফেটে যায়। তার গোত্রের লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বলেঃ ইয়া রাসূলাল্লাহ! আমাদের কিসাস বা ক্ষতিপূরণ প্রদান করুন। তিনি বলেনঃ তোমরা এ পরিমাণ মাল গ্রহণ কর। তারা তাতে রাযী না হলে, তিনি বলেনঃ তোমরা এ পরিমাণ মাল গ্রহণ কর। এতেও তারা রাযী না হলে, তিনি বলেনঃ তোমরা এ পরিমাণ মাল গ্রহণ কর। তখন তারা তা নিতে সম্মত হয়। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমি দুপুরে ভাষণ দিয়ে লোকদেরকে তোমাদের সম্মতির কথা জানিয়ে দেব। তখন তারা বলেঃ ঠিক আছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেয়ার সময় বলেনঃ লায়ছ গোত্রের এ সব লোকেরা আমার নিকট কিসাস গ্রহণের জন্য এসেছিল, আমি তাদের এ পরিমাণ মাল দিয়েছি এবং তারা তাতে রাযী হয়েছে। এরপর তিনি তাদের বলেনঃ তোমরা কি রাযী হয়েছ? তারা বলেঃ না। তখন মুহাজিররা তাদের শাস্তি দিতে ইচ্ছা করলে, রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তা থেকে বিরত রাখেন। ফলে তারা বিরত থাকে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আহবান করে আরো কিছু মাল দেয়ার ঘোষণা দেন এবং বলেনঃ তোমরা কি এতে সন্তুষ্ট হয়েছে। তখন তারা বলেঃ হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এখন আমি আমার ভাষণে লোকদেরকে তোমাদের সন্তুষ্টির কথা জানিয়ে দেই? তখন তারা বলেঃ হ্যাঁ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণের মধ্যে জিজ্ঞাসা করেনঃ তোমরা কি সন্তুষ্ট হয়েছ? তারা বলেঃ হ্যাঁ।