আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৬২৯
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ একদা মূসা (আঃ) আল্লাহ্কে বলেনঃ হে আমার রব! আপনি আমাকে আদম (আঃ)-এর সাথে সাক্ষাৎ করান, যিনি নিজে জান্নাত থেকে বের হয়েছেন এবং আমাদেরও বের করেছেন। তখন আল্লাহ্ তাকে আদম (আঃ)-এর সাথে সাক্ষাৎ করান। মূসা (আঃ) বলেনঃ আপনি কি আমাদের পিতা আদম (আঃ) নন? আদম (আঃ) বলেনঃ হ্যাঁ। মূসা (আঃ) বলেনঃ আপনি তো সেই আদম, যার মধ্যে মহান আল্লাহ্ তাঁর সৃষ্ট সমস্ত রূহ ফুঁকে দিয়েছিলেন, আর তিনি সব কিছুর নাম আপনাকে শিখিয়েছিলেন; আর আল্লাহ্র নির্দেশে ফেরেশতারা আপনাকে সিজদা করেছিল? তিনি বলেনঃ হ্যাঁ। তখন মূসা (আ) বলেনঃ বলুন তো, কি কারণে আপনি নিজে জান্নাত থেকে বের হলেন এবং আমাদের ও বের করলেন? আদম (আঃ) তাকে জিজ্ঞাসা করেনঃ তুমি কে? তিনি বলেনঃ আমি মূসা। আদম (আঃ) বলেনঃ তুমি তো বনূ ইসরাঈলের সেই নবী, আল্লাহ্ তো তোমার সাথে কোন রাসূল (ফেরেশতা) ব্যতীত পর্দার আড়াল থেকে সরাসরি কথা বলেন। মূসা (আঃ) বলেনঃ হ্যাঁ। তখন আদম (আঃ) বলেনঃ তুমি কি অবগত নও যে, আমি যা কিছু করেছি্ তা আমার জন্মের আগেই কিতাবে লিপিবদ্ধ ছিল? মূসা (আঃ) বলেনঃ হ্যাঁ। তখন আদম (আঃ) বলেনঃ তবে কেন তুমি এমন একটা বিষয়ের জন্য অভিযুক্ত করেছো, যে ব্যাপারে মহান আল্লাহ্ আমার সৃষ্টির আগেই ফায়সালা দিয়েছেন? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এ তর্কযুদ্ধে আদম (আঃ) মূসা (আঃ)-এর উপর বিজয়ী হন।