আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯৭৯
তিনি বলেনঃ আলী (রাঃ) ইবন আবুদ (রহঃ)-কে বলেন যে, আমি কি তোমাকে আমার ও ফাতিমা বিনত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ঘটনাটি বলবো না? যিনি তাঁর পরিবারের মধ্যে, তাঁর কাছে সবচাইতে প্রিয় ছিলেন, আর যিনি আমার কাছে থাকতেন, (অর্থাৎ আমার স্ত্রী ছিলেন।) যাঁতায় গম পেষার কারণে তাঁর হাতে ফোঁসকা পড়েছিল এবং মশকে পানি ভরার কারণে বুকে ব্যথা হয়েছিল, আর ঘর ঝাড়ু দেয়ার কারণে তাঁর কাপড়-চোপড় ধূলা-বালিতে ভরে যেত, আর রান্না-বান্না করার কারণে তাঁর কাপড় কাল হয়ে গিয়েছিল। এ সব কাজ নিজে করার কারণে তাঁর খুবই কষ্ট হতো। আমি শুনতে পাই যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট কিছু দাস-দাসী এসেছে। তখন আমি ফাতিমাকে বলিঃ তুমি যদি তোমার পিতার কাছে যেতে এবং তাঁর কাছে একটা দাস চেতে, তবে তোমার খিদমতের জন্য সে যথেষ্ট হতো। এ কথা শুনে ফাতিমা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে যায়, কিন্তু সে তাঁকে লোকদের সাথে কথাবার্তা বলতে দেখে, লজ্জায় কিছু না বলে ফিরে আসে। পরদিন সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসেন, আর এ সময় আমরা লেপ গায়ে দিয়ে শুয়ে ছিলাম। তিনি ফাতিমা (রাঃ)-এর মাথার কাছে বসেন। এরপর তিনি জিজ্ঞাসা করেনঃ হে মুহাম্মদের পরিবার! গতকাল তুমি কিসের প্রয়োজনে আমার কাছে গিয়েছিলে? ফাতিমা (রাঃ) দুবার এ কথা শুনে চুপ থাকে। তখন আলী বলেনঃ আল্লাহ্র শপথ! ইয়া রাসূলাল্লাহ! আমি আপনার কাছে বর্ণনা করবো। আমার ঘরে যাঁতায় গম-পেষার কারণে তাঁর হাতে ফোঁসকা পড়ে গেছে, মশক ভরে পানি টানতে টানতে তার বুকে ব্যথা হয়েছে, ঘর ঝাড়ু দেয়ার কারণে তাঁর কাপড় ময়লা হয়ে গেছে এবং রান্না-বান্না করার কারণে তাঁর বস্ত্র কাল হয়ে গেছে। আমরা জানতে পেরেছি যে, আপনার কাছে কিছু দাস-দাসী এসেছে; তাই একটা দাসী চাওয়ার জন্য আমি তাকে আপনার কাছে পাঠাই। এরপর তিনি হাদীছের শেষ পর্যন্ত বর্ণনা করেন, যা উপরে বর্ণিত হয়েছে।