আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯৯৫
আমর ইবন উছমান হিমসী (রহঃ) .... হারিছ ইবন মুসলিম তামিমী (রাঃ) থেকে এরূপ বর্ণিত হয়েছে, যেরূপ উপরোক্ত হাদীছে বর্ণিত হয়েছে। তবে এ বর্ণনায় এরূপ অতিরিক্ত বর্ণিত হয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ফজর ও মাগরিবের সালাত আদায়ের পর, কারো সাথে কথা বলার আগে-এ দু’আ পাঠ করবে। রাবী আলী ইবন সাহল (রহঃ) বলেনঃ তার পিতা তার কাছে বর্ণনা করেছেন যে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এক যুদ্ধে প্রেরণ করেন। আমরা যখন সেখানে পৌছাই তখন আমি আমার ঘোড়াকে দ্রুতবেগে চালিয়ে আমার সাথীদের থেকে আগে চলে যাই, যার ফলে সেখানকার লোকেরা চীৎকার দিতে থাকে। তখন আমি তাদের বলি, তোমরা বলঃ লা-ইলাহা ইল্লাল্লাহু; তাহলে তোমরা নিস্তার পাবে। তখন তারা এ কালিমা পড়ে নেয়। এতে আমার সাথীরা আমার দোষারূপ করে বলেঃ তুমি আমাদের গনীমতের মাল থেকে বঞ্চিত করলে। এরপর তারা যখন ফিরে আসে, তখন তারা এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে অবহিত করে, যা আমি করে ফেলি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকেন এবং আমার এ কাজের জন্য আমাকে প্রশংসা করেন। তিনি বলেনঃ মহান আল্লাহ্ তোমার এ কাজের জন্য সে গোত্রের প্রত্যেকটি মানুষের জীবনের বিনিময়ে এত-এত পরিমাণ ছাওয়াব দান করেছেন। রাবী আবদুর রহমান বলেনঃ তিনি যে পরিমাণ ছাওয়াবের কথা উল্লেখ করেন, তা আমি ভুলে যাই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমি তোমার জন্য একটা অসীয়তনামা লিখে দেব। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ অসীয়তনামা লিখে, সীল করে, আমাকে দেন।