আবু দাউদ শরীফ - হাদীস নং ৫৭২
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছিঃ যখন নামাযের জন্য ইকামত দেয়া হয় তখন তার জন্য (জামাআতে শরীক হওয়ার জন্য) তোমরা শান্ত ও স্বাভাবিক গতিতে হেটে যাও, দৌঁড়িয়ে যেয়ো না। অতঃপর তোমরা ইমামের সাথে যা পাও (যত রাকাত নামায পাও) তা আদায় কর এবং যা না পাও তা পরে পূরণ কর। (বুখারী, মুসলিম, ইবনু মাজাহ, নাসাঈ তিরমিযী)। ইমাম আবূ দাউদ বলেন, আয-যুবায়দী, ইবনু আবূ যি’ব, ইবরাহীম ইবনু সা’দ, মুআম্মার, শুআয়েব ইবনু আবূ হামযা-যুহরী হতে বর্ণনা করেছেন যে, তোমরা যে নামায না পাও তা পরে পূরণ করবে। ইবনু উয়ায়না কেবলমাত্র যুহরী হতে এইরূপ বর্ণনা করেছেন যে, “তোমরা আদায় করবে।” মুহাম্মাদ ইবনু আমর-আবূ সালামা হতে, তিনি আবূ হুরায়রা (রাঃ) হতে এবং জাফর ইবনু রবীআ (রহঃ) আল-আরাজ হতে, তিনি আবূ হুরায়রা (রাঃ) হতে এরূপ বর্ণনা করেছেন যে, “তোমরা তা পূর্ণ করবে।” ইবনু মাসউদ (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে এবং আবূ কাতাদা ও আনাস প্রমুখ সকলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে এরূপ বর্ণনা করেছেন “তোমরা নামায পূর্ণ কর।”