বুখারী শরীফ - হাদীস নং ১,৪২৩
وَقَالَ الزُّهْرِيُّ فِي الْمَمْلُوكِينَ لِلتِّجَارَةِ يُزَكَّى فِي التِّجَارَةِ، وَيُزَكَّى فِي الْفِطْرِ যুহরী (রহঃ) বলেন, (বাণিজ্যপণ্য হিসেবে) ব্যবসায়ের জন্য ক্রয় করা গোলামের যাকাত দিতে হবে এবং তাদের সাদাকাতুল ফিতরও দিতে হবে। ১৪২৩। আবূ নু’মান (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক পুরুষ, মহিলা, আযাদ ও গোলামের পক্ষ থেকে সাদকাতুল ফিতর অথবা (বলেছেন) সা’দকা-ই-রামাযান হিসাবে এক সা’ খেজুর বা এক এক সা’ যব আদায় করা ফরয করেছেন। তারপর লোকেরা অর্ধ সা’ গমকে এক সা’ খেজুরের সম মান দিতে লাগল। (রাবী নাফি’ বলেন) ইবনু ’উমর (রাঃ) খেজুর (সা’দকাতুল ফিতর হিসাবে) দিতেন। এক সময় মদিনায় খেজুর দুর্লভ হলে যব দিয়ে তা আদায় করেন। ইবনু উমর (রাঃ) প্রাপ্ত বয়স্ক ও অপ্রাপ্ত বয়স্ক সকলের পক্ষ থেকেই সা’দকাতুল ফিত্র আদায় করতেন, এমনকি আমার সন্তানদের পক্ষ থেকেও সা’দকার দ্রব্য গ্রহীতাদেরকে দিয়ে দিতেন এবং ঈদের এক-দু’ দিন পূর্বেই আদায় করে দিতেন। আবূ ’আবদুল্লাহ (রহঃ) বলেন, আমার সন্তান অর্থাৎ নাফি’ (রহঃ)-এর সন্তান। তিনি আরও বলেন, সা’দকার মাল একত্রিত করার জন্য দিতেন, ফকীরদের দেওয়ার জন্য নয়।