বুখারী শরীফ - হাদীস নং ১,৪৫৮
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে মদিনায় যুহরের সালাত (নামায/নামাজ) আদায় করেন চার রাক’আত এবং যুল-হুলাইফায় (পৌঁছে) ’আসরের সালাত (নামায/নামাজ) আদায় করলেন দু’ রাক’আত। এরপর সেখানেই ভোর পর্যন্ত রাত কাটালেন। সকালে সাওয়ারীতে আরোহণ করে বায়দা নামক স্থানে উপনীত হলেন। তখন তিনি আল্লাহর হামদ, তাসবীহ ও তাকবীর পাঠ করছিলেন। এরপর তিনি হাজ্জ (হজ্জ) ও ’উমরার তালবিয়া পাঠ করলেন। সাহাবীগণও উভয়ের তালবিয়া পাঠ করলেন। যখন আমরা (মক্কার উপকণ্ঠে) পৌঁছলাম তখন তিনি সাহাবীগণকে (’উমরা শেষ করে) হালাল হওয়ার নির্দেশ দিলেন এবং তাঁরা হালাল হয়ে গেলেন। অবশেষে যিলহাজ্জ মাসের আট তারিখে তাঁরা হাজ্জের ইহরাম বাঁধলেন। রাবী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কিছুসংখ্যক দাঁড়ানো উট নহর (যবেহ) করলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সাদা কাল মিশ্রিত রং-এর দু’টি মেষ যবেহ করেছিলেন। আবূ ’আবদুল্লাহ (ইমাম বুখারী) (রহঃ) বলেন, কোন কোন রাবী হাদীসটি আইয়ূ্ব (রহঃ) সূত্রে জনৈক রাবীর মাধ্যমে আনাস (রাঃ) থেকে বর্ণিত বলে উল্লেখ করেছেন।