বুখারী শরীফ - হাদীস নং ৩,৪৭০
তিনি বলেন, আমি সিরিয়ায় গমন করলাম (সেখানে পৌছে) দু’রাকাত (নফল) সালাত (নামায/নামাজ) আদায় করে দু’আ করলাম, হে আল্লাহ্, আপনি আমাকে একজন নেক্কার সাথী মিলিয়ে দিন। তারপর আমি একটি জামাআতের নিকট এসে তাদের নিকট বসলাম। তখন একজন বৃদ্ধ লোক এসে আমার পাশেই বসলেন। আমি জিজ্ঞাসা করলাম ইনি কে? তারা উত্তরে বললেন, ইনি আবূ দারদা (রাঃ)। আমি তখন তাঁকে বললাম, একজন নেক্কার সাথীর জন্য আমি আল্লাহর নিকট দু’আ করেছিলাম। আল্লাহ্ আপনাকে মিলিয়ে দিয়েছেন। তিনি বললেন, তুমি কোথাকার বাসিন্দা? আমি বললাম, আমি কুফার বাসিন্দা। তিনি বললেন, (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জুতা, বালিশ এবং উযূ (ওজু/অজু/অযু)র পাত্র বহনকারী সর্বক্ষণের সহচর ইবনু উম্মে আবদ (রাঃ) কি তোমাদের ওখানে নেই? তোমাদের মাঝে কি ঐ ব্যাক্তি নেই যাকে আল্লাহ্ শয়তান থেকে নিরাপদ করে দিয়েছেন? [অর্থাৎ আম্মার ইবনু ইয়াসির (রাঃ)] তোমাদের মধ্যে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোপন তথ্য অভিজ্ঞ লোকটি নেই? যিনি ব্যতীত অন্য কেউ এই রহস্য জানেন না [অর্থাৎ হুযায়ফা (রাঃ)] তারপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)وَاللَّيْلِ সূরা কি ভাবে পাঠ করতেন? তখন আমি তাঁকে সূরাটি পড়ে শোনালামঃ وَاللَّيْلِ إِذَا يَغْشَى * وَالنَّهَارِ إِذَا تَجَلَّى * وَالذَّكَرِ وَالأُنْثَى তিনি বললেন, আল্লাহর কসম, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সূরাটি সরাসরি এ ভাবেই শিক্ষা দিয়েছিলেন।