Alhashorহাদীস সম্ভার
বু

বুখারী শরীফ - হাদীস নং ৪,০৪১

প্রায় ৩ মিনিট · ৩৩২ শব্দ

কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) ... জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, বাহরাইনের অর্থ সম্পদ (জিযিয়া) আসলে তোমাকে এতো পরিমান, এতো পরিমান, এতো পরিমান দেবো। (এতো পরিমান শব্দটি) তিনি তিনবার বললেন। এরপর বাহরাইন থেকে আর কোন অর্থ সম্পদ আসেনি। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাত হয়ে গেল। এরপর আবূ বাকার (রাঃ) এর যুগে যখন সেই অর্থ সম্পদ আসলো, তখন তিনি একজন ঘোষনাকারীকে নির্দেশ দিলেন। সে ঘোষনা করলঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যার ঋণ প্রাপ্য রয়েছে কিংবা কোন ওয়াদা অপূরন রয়ে গেছে সে যেনো আমার কাছে আসে (এবং তা নিয়ে নেয়)। জাবির (রাঃ) বলেন, আমি আবূ বাকার (রাঃ) এর কাছে এসে তাঁকে জানালাম যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, যদি বাহরাইন থেকে অর্থ-সম্পদ আসে তা হলে তোমাকে আমি এতো পরিমান এতো পরিমান দেবো। (এতো পরিমান কথাটি) তিনবার বললেন। জাবির (রাঃ) বলেন, তখন আবূ বাকার (রাঃ) আমাকে অর্থ সম্পদ দিলেন। জাবির (রাঃ) বলেন, এর কিছুদিন পর আমি আবূ বাকার (রাঃ) এর সাথে সাক্ষাত করলাম। এবং তার কাছে মাল চাইলাম। কিন্তু তিনি আমাকে কিছুই দিলেন না। এরপর আমি তাঁর কাছে দ্বিতীয়বার আসি, তিনি আমাকে কিছুই দেননি। এরপর আমি তাঁর কাছে তৃতীয়বার এলাম। তখনো তিনি আমাকে কিছুই দিলেননা। কাজেই আমি তাঁকে বললাম, ’আমি আপনার কাছে এসেছিলাম, কিন্তু আপনি আমাকে দেননি। তারপর (আবার) এসেছিলাম, তখনো দেননি। এরপরেও এসেছিলাম তখনো আমাকে আপনি দেননি। কাজেই এখন হয়তো আপনি আমাকে সম্পদ দিবেন নয়তো আমি মনে করব আপনি আমার ব্যাপারে কৃপনতা অবলম্বন করেছে’। তখন তিনি বললেন, এ কি বলছ তুমি ’আমার ব্যাপারে কৃপনতা করছেন’। (তিনি বললেন) কৃপনতা থেকে মারাত্নক ব্যাধি আর কি হতে পারে। কথাটি তিনি তিনবার বললেন। (এরপর তিনি বললেন) যতবারই আমি তোমাকে সম্পদ দেয়া থেকে বিরত হয়েছি, ততবারই আমার ইচ্ছা ছিলো যে, (অন্য কোথাও থেকে) তোমাকে দেবো। আমর [ইবনু দ্বীনার (রহঃ)] মুহাম্মদ ইবনু আলী (রহঃ) এর মাধ্যমে জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিত, তিনি বলেন, আমি আবূ বাকার (রাঃ) এর কাছে আসলে তিনি আমাকে বললেন, এ (আশরাফী) গুলো গুনো। আমি ঐগুলো গুনে দেখলাম এখানে পাঁচশ’ (আশরাফী) রয়েছে। তিনি বললেন, (ওখান থেকে) এ পরিমান আরো দু’বার তুলে নাও।

ছবি বানান