বুখারী শরীফ - হাদীস নং ৪,০৭৩
মুহাম্মদ ইবনু আলা (রহঃ) .... আবূ মূসা (রাঃ) থেকে বর্নিত, তিনি বলেন, আমার সাথীরা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পাঠালেন তাদের জন্য যানবাহন চাওয়ার জন্য। কারন তাঁরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে কঠিনতর যুদ্ধ অর্থাৎ তাবুকের যুদ্ধে অংশগ্রহনেচ্ছু ছিলেন। অনন্তর আমি এসে বললাম, হে আল্লাহর নবী! আমার সাথীরা আমাকে আপনার সমীপে এ জন্য পাঠিয়েছেন যে, আপনি যেন তাদের জন্য যানবাহনের ব্যাবস্থা করেন। আমি লক্ষ্য করলাম, তিনি রাগান্বিত। অথচ আমি তা অবগত নই। আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যানবাহন না দেয়ার কারনে ভারাক্রান্ত হৃদয়ে ফিরে আসি। আবার এ ভয়ও ছিল যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয়ে আমার প্রতি না আবার অসন্তোষ আসে। তাই আমি সাথীদের কাছে ফিরে যাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা আমি তাদের অবহিত করি। পরক্ষনেই শুনতে পেলাম যে বিলাল (রাঃ) ডাকছেন এ বলে যে, আবদুল্লাহ ইবনু কায়স কোথায়? তখন আমি তার ডাকে সাড়া দিলাম। তখন তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডাকছেন, আপনি উপস্থিত হোন। আমি যখন তাঁর কাছে উপস্থিত হলাম তখন তিনি বললেন, এই জোড়া এবং ঐ জোড়া এমনি ছয়টি উটনী যা সা’দ থেকে ক্রয় করা হয়েছে, তা গ্রহন কর। এবং সেগুলো তোমার সাথীদের কাছে নিয়ে যাও এবং বল যে, আল্লাহ্ তায়ালা (রাবীর সন্দেহ) অথবা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো তোমাদের যানবাহনের জন্য ব্যাবস্থা করেছেন, তোমরা এগুলোর উপর আরোহন কর। এরপর আমি সেগুলোসহ তাদের কাছে গেলাম এবং বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে তোমাদের বাহন হিসেবে দিয়েছেন। আল্লাহর কসম! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা যারা শুনেছিল আমার সাথে তোমাদের কেউ এমন কারুর কাছে না যাওয়া পর্যন্ত আমি তোমাদের চলে যেতে দিতে পারিনা- যাতে তোমরা এমন ধারনা না কর যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেননি, আমি তা তোমাদের বর্ণনা করেছি। তখন তারা আমাকে বললেন, আল্লাহর কসম, আপনি আমাদের কাছে সত্যবাদী বলে খ্যাত। তবুও আপনি যা পছন্দ করেন, আমরা অবশ্য করব। অনন্তর আবূ মূসা (রাঃ) তাদের মধ্যকার একদল লোককে সঙ্গে নিয়ে রওয়ানা হন এবং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অপারগতা প্রকাশ এবং পরে তাদেরকে দেয়ার কথা শুনেছিলেন, তাদের কাছে আসেন। এরপর তাদের কাছে সেরূপ ঘটনা বর্ননা করলেন যেমন আবূ মূসা আশ’আরী (রাঃ) বর্ননা করেছিলেন।