বুখারী শরীফ - হাদীস নং ৪,১৯৭
ইসমাঈল (রহঃ) ... আনাস ইবনু মালিক (রাঃ) বলেন, মদিনা মনোয়ারায় আবূ তালহা (রাঃ)-ই অধিক সংখ্যক খেজুর বৃক্ষের মালিক ছিলেন। তার নিকট সর্বাধিক প্রিয় সম্পত্তি ছিল 'বীরাহা' নামক বাগান। আর তা ছিল মসজিদের সম্মুখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে সেখানকার (কূপের) সুমিষ্ট পানি পান করতেন। যখনلَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ আয়াতটি নাযিল হল, তখন আবূ তালহা (রাঃ) উঠে দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহর রাসূল! আল্লাহ বলেছেন, 'তোমরা যা ভালবাস তা হতে ব্যায় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভ করতে পারবে না।' (৩ঃ ৯২) আমার সর্বাধিক প্রিয় সম্পত্তি বীরাহা। এটা আল্লাহ ওয়াস্তে আমি দান করে দিলাম। আমি আল্লাহর নিকট পূণ্য ও সঞ্চয় চাই। আল্লাহ আপনাকে যেখানে নির্দেশ দেন আপনি সেখানে তা ব্যয় করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাহ! ওটি তো ক্ষয়িঞ্চু সম্পদ ওটি তো ক্ষয়িঞ্চু সম্পদ, তুমি যা বলেছ আমি তা শুনেছি। তুমি তা তোমার নিকট আত্মীয়কে দিয়ে দাও, আমি এ রায় দিচ্ছি। আবূ তালহা (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! আমি তা করব। তারপর আবূ তালহা (রাঃ) সেটা তাঁর চাচাতো ভাই-বোন ও আত্মীয়দের মধ্যে বণ্টন করে দিলেন। আবদুল্লাহ ইবনু ইউসুফ ও ইবনু উবাদাহ (রাঃ) এর বর্ণনায় 'ওটা তো লাভ জনক সম্পত্তি' বলে উল্লেখিত হয়েছে।