বুখারী শরীফ - হাদীস নং ৪৬২
وَبِهِ قَالَ الْحَسَنُ وَأَيُّوبُ وَمَالِكٌ হাসান বসরী, আইয়্যুব এবং মালিক (রহঃ) এরূপ বলেছেন। ৪৬২। ইয়াহইয়া ইবনু বুকায়র (রহঃ) .... নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ আমার জ্ঞানমতে আমি আমার পিতা মাতাকে সব সময় দ্বীনের অনুসরণ করতে দেখেছি। আর আমাদের এমন কোন দিন যায়নি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দিনের উভয় প্রান্তে সকাল-সন্ধ্যায় আমাদের কাছে আসেন নি। তারপর আবূ বকর (রাঃ) এর মসজিদ নির্মাণের প্রয়োজন দেখা দিল। তিনি তাঁর ঘরের আঙ্গিনায় একটি মসজিদ তৈরী করলেন। তিনি এতে সালাত (নামায/নামাজ) আদায় করতেন ও কুরান তিলাওয়াত করতেন। মুশরিকদের মহিলা ও ছেলেমেয়েরা সেখানে দাঁড়াত এবং তারা বিস্মিত হয়ে তাঁর দিকে তাকিয়ে থাকতো। আবূ বকর (রাঃ) ছিলেন একজন অধিক রোদনকারী ব্যাক্তি। তিনি কুরআন পড়া শুরু করলে অশ্রু সংবরণ করতে পারতেন না। তাঁর এ অবস্থা নেতৃস্থানীয় মুশরিক কুরাইশদের শঙ্কিত করে তুলল।