Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ১,২২৫

প্রায় ৩ মিনিট · ৩০২ শব্দ

হাদীসটির শব্দ কুতায়বা থেকে গৃহীত। তিনি বলেন একদা দরিদ্র মুহাজিরগণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হয়ে বললেন, ধনী লোকেরা উচ্চ মর্যাদা ও নিয়ামাত নিয়ে গেলেন, তিনি বললেন, তা কেমন করে? তারা বললেন, তাঁরা সালাত আদায় করেন যেরুপ আমরা সালাত আদায় করি, তাঁরা সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করেন, যেরুপ আমরা সাওম পালন করি। এবং তাঁরা সাদাকা করেন, আমরা সাদাকা করতে পারি না। তারা (দাস-দাসী) আযাদ-করেন, আযাদ করেন, আমরা (দাস-দাসী) আযাদ করতে পারি না। রাসূলৃল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদের এমন কিছু শিক্ষা দিব না, যদ্বারা তোমরা তোমাদের অগ্রগামীদের মর্যাদা লাভ করবে এবং অন্যদের থেকে অগ্রগামী থাকবে? আর তোমাদের অপেক্ষা কেউ শ্রেষ্ঠ হতে পারবে না-অবশ্য যারা তোমাদের মত করবে তাদের কথা ভিন্ন। তারা বললেন, নিশ্চয়ই, ইয়া রাসুলাল্লাহ! তিনি বললেন, তোমরা প্রত্যেক সালাতের পর তেত্রিশবার করে সুবহানাল্লাহ, আল্লাহু আকবর ও আল-হামদুলিল্লাহ পড়বে। আবূ সালেহ বলেন, এরপর দরিদ্র মুহাজিররা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে ফিরে এলেন এবং বললেন, আমাদের ধনী ভাইরা আমাদের আমলের বিষয়টি শুনে ফেলেছেন এবং তারাও আমাদের মত আমল করা শুরু করেছেন। তিনি বললেন, এটা আল্লাহর দান-তিনি যাকে ইচ্ছা তা দান করেন। কুতায়বা ছাড়া অন্যান্য রাবীগণ এই হাদীসে ইবনু আজলান সূত্রে বাড়িয়ে বলেছেন যে, সূমাইয়্যা বলেন, এই হাদীসটি আমি আমার পরিবারের এক ব্যাক্তির নিকট বললাম। সে আমাকে বলল, তুমি ভূল করেছ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি সুবহানাল্লাহ বলবে তেত্রিশবার, আল-হামদুলিল্লাহ বলবে তেত্রিশবার এবং আল্লাহু আকবার বলবে তেত্রিশবার। সুমাইয়্য বলেন, তারপর আমি আবূ সালিহের নিকট গেলাম এবং তাঁকে ঐ কথা বললাম। তিনি আমার হাত ধরে বললেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল-হামদুলিল্লাহ, আল্লাহু আকবর, সুবাহানাল্লাহ, আল-হামদুলিল্লাহ এই ভাবে সবগুলি মিলিয়ে তেত্রিশবার বলবে। ইবনু আজলান (রহঃ) বলেন, আমি এই হাদীস রাজা ইবনু হাওয়ার কাছে বর্ণনা করলাম। তিনি আমার কাছে আবূ সালিহ (রহঃ) থেকে, তিনি আবূ হুরায়রা (রাঃ) থেকে এবং তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেরূপ বর্ণনা করেন।

ছবি বানান