মুসলিম শরীফ - হাদীস নং ১,২৫৭
তিনি বলেন উমার ইবনু আবদুল আযীয (রহঃ) একদা সালাতে দেরী করে ফেললেন। তখন উরওয়া ইবনু যুবায়র (রাঃ) তাঁর নিকট এসে বললেন, মুগীরা ইবনু শুবা (রাঃ) কুফায় থাকতে একদিন সালাত দেরী করে আদায় করেছিলেন। তখন আবূ মাসঊদ আনসারী (রাঃ) তাঁর নিকট এসে বললেন, হে মুগীরা। আপনি একি করলেন? আপনি কি জানেন না যে, জিবরীল (আলাইহিস সালাম) অবতরণ করে সালাত আদায় করলেন এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (তার সঙ্গে) সালাত আদায় করলেন। তারপর আবার তিনি সালাত আদায় করলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (তাঁর সঙ্গে) সালাত আদায় করলেন। তারপর তিনি সালাত আদায় করলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (তার সঙ্গে) সালাত আদায় করলেন। তারপর তিনি সালাত আদায় করলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (তার সঙ্গে) সালাত আদায় করলেন। তারপর তিনি সালাত আদায় করলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (তার সঙ্গে) সালাত আদায় করলেন। তারপর জিবরীল (আলাইহিস সালাম) বললেন, আপনাকে এরুপই (সালাত আদায় করতে) নির্দেশ হয়েছে। তখন উমার উরওয়াকে বললেন, হে উরওয়া! তুমি যা বলবে চিন্তা করে বলবে, জিবরীল (আলাইহিস সালাম) কি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সালাতের ওয়াক্ত ঠিক করে দিয়েছেন? উরওয়া বললেন, বাশীর ইবনু আবূ মাসউদ তার পিতা থেকে এরুপই বর্ণনা করেছেন। তারপর উরওয়া বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সহধর্মিনী আয়িশা (রাঃ) আমার কাছে বলেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত আদায় করেছেন, যখন সূর্যের কিরণ হুজরার আঙ্গিনায় ছিল-তা উপরে উঠার আগে।