Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৬০০

প্রায় ২ মিনিট · ২১৯ শব্দ

আবূত-তাহির ও হারামালা ইবনু ইয়াহইয়া (রহঃ) ... আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অবহিত করা হল যে, তিনি (আবদুল্লাহ) বলেন, আমি অবশ্য সারা রাত (ইবাদতে) দাঁড়িয়ে থাকব এবং সারা দিন সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করব, যতদিন জীবিত থাকি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি একথা বলেছ? আমি তাঁকে বললাম, হে আল্লাহর রাসুল! আমিই একথা বলেছি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তা করতে সক্ষম হবে না। অতএব তুমি সাওম পালন কর ও ছেড়ে দাও এবং ঘুমাও আবার জেগে ইবাদত কর। তুমি প্রতি মাসে তিন দিন সাওম পালন কর। কারন প্রতিটি নেকীর বিনিময়ে তার দশগুন সওয়াব রয়েছে। আর এটা পূর্ণ বছর সাওম পালন করার সমতূল্য। আমি বললাম, আমার এর চেয়েও অধিক পরিমাণ করার সামর্থ্য আছে। তিনি বললেন, তাহলে একদিন সাওম পালন করে দুইদিন ছেড়ে দাও। রাবী বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসুল! আমি এর চেয়েও অধিক করার সামর্থ্য রাখি। তিনি বললেন, তাহলে তুমি একদিন সাওম পালন কর, একদিন ছেড়ে দাও। আর এটাই হচ্ছে দাউদ (আলাইহিস সালাম) এর সাওম এবং তা সর্বোত্তম সাওম। আমি বললাম আমি আরও অধিক করতে সক্ষম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর চেয়ে উত্তম কিছু নেই। আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) বলেন, আমি যদি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথামত প্রতি মাসে তিন দিন সাওম পালন করার নিয়ম গ্রহণ করতাম তবে তা আমার জন্য পরিবার-পরিজন ও ধন-সম্পদের তুলনায় অধিক পছন্দনীয় হতো।

ছবি বানান